নাটোরে বিএনপির ওপর জামায়াতের অভিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা পৌরসভায় মেয়র পদে জোটের প্রধান শরিক বিএনপির সমর্থন চেয়েছিল জামায়াতে ইসলামী। সমর্থন না পেয়ে বিএনপির বিরুদ্ধে প্রার্থী দিয়েছে জামায়াত; করেছে অভিমানও। জেলার বাকি পাঁচ পৌরসভায় বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করছেন না দলটির নেতা-কর্মীরা।বিএনপির নেতারা অবশ্য বলছেন, তাঁরা জামায়াতের এই অবস্থান নিয়ে চিন্তিত নন। জামায়াতের সমর্থন না পেলেও তাঁদের চলবে। আর জামায়াতের স্থানীয় এক নেতার দাবি, পৌর নির্বাচন নিয়ে এই জেলায় বিএনপির সঙ্গে তাঁদের সম্পর্কের টানাপোড়েন আগামী নির্বাচনগুলোতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, বিএনপি আত্মঘাতী কথাবার্তা বলছে। আগামী নির্বাচনে সব কর্মীকে তাঁদের (বিএনপি) পক্ষে মাঠে নামানো যাবে না।কয়েক দিন ধরে নাটোরের ছয়টি পৌরসভায় প্রচার চালাচ্ছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার। প্রথম আলোকে তিনি বলেন, ‘জামায়াতকে তো মাঠে দেখলাম না। তাদের দাবির শেষ নাই। তারা কামান চায় পিস্তলের আশায়। নলডাঙ্গায় আমার নিশ্চিত বিজয়ী প্রার্থীর জায়গায় তারা আমাদের সমর্থন চেয়েছিল। না পেয়ে সেখানে তারা প্রার্থী দিয়েছে।’জামায়াত মাঠে না থাকলে বিএনপির জন্য ভোটে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা আছে কি না, জানতে চাইলে রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ‘কী আছে তাদের? তারা যে রাজনীতি করতে পারছে, সেটাই তো বড়। আর তারা মাঠে থাকল কি থাকল না, তা আমি পরোয়া করি না। তাদের আমি ঘৃণা করি।’জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বলেন, ‘নলডাঙ্গার কারণে তারা আমাদের সঙ্গে আসে না। আমরাও তাদের ডাকি না। তার পরও তাদের ভোট আমরাই পাব বলে আশা করি।’নাটোর জেলা জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন খান পৌর নির্বাচনে বিএনপির পাশে না দাঁড়ানোর কারণ হিসেবে বলেন, ‘নাটোর পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপি আমাদের সঙ্গে আলোচনাতেই বসেনি। আমরাও যেচে তাদের সঙ্গে প্রচারণায় অংশ নিতে চাইনি। সিংড়া পৌরসভাতেও তারা (বিএনপি) আমাদের সহযোগিতা চায়নি। তাই আমরা নির্বাচন করতে পারছি না। নলডাঙ্গায় আমরা আমাদের প্রার্থীর সঙ্গে আছি।’জেলা জামায়াতের সেক্রেটারি বলেন, গুরুদাসপুর, গোপালপুর ও বড়াইগ্রামে বিএনপিরই দুজন করে প্রার্থী। এখন জামায়াত কোন প্রার্থীর পক্ষে নামবে? এ জন্য তাঁরা চুপচাপ আছেন।নাটোরে বিগত নির্বাচনগুলোতে জামায়াত খুব একটা খারাপ করেনি। গত উপজেলা নির্বাচনে নাটোর সদরে জামায়াতের প্রার্থী ১২ হাজার ভোট পান। বাগাতিপাড়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জামায়াতের একজন নেতা।নলডাঙ্গায় বিএনপি-জামায়াত: এই পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের একজন করে প্রার্থী আছেন। এলাকায় তিনজনেরই অবস্থান ভালো। সেখানে বিএনপি ও জামায়াতের প্রার্থী পরস্পরকে আক্রমণ করেও বক্তব্য দিচ্ছেন।বিএনপির প্রার্থী আব্বাছ আলী অবশ্য প্রথম আলোকে বলেছেন, ‘আমি কারও বিরুদ্ধে বলছি না। উনি (জামায়াতের প্রার্থী ফজলুর রহমান) আমার বিরুদ্ধে নানা কথা বলে বেড়াচ্ছেন। তিনি অপপ্রচার চালাচ্ছেন যে আমি নামাজ পড়ি না। জামায়াতের লোক হয়ে যে এত মিথ্যা কথা বলতে পারেন, তা ভাবতে পারি না। উনি ইমাম। আমি তো ওনার পেছনে জুমার নামাজ পড়ি। তবে হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় না। তিনি (জামায়াতের প্রার্থী) যদি বলতেন, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না, তাহলে সেটা মেনে নেওয়া যেত।’জামায়াতের প্রার্থী অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘কারও বিরুদ্ধে অপপ্রচার করে আমি ভোট করি না। তাঁর (বিএনপির প্রার্থী) বিরুদ্ধে বলার অনেক কিছু আছে। কিন্তু বলছি না। তিনিই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।’ ফজলুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ আমার বিরুদ্ধে কিছু বলছে না। আমার জোটের ভাইয়েরাই বলছেন। বিএনপির প্রার্থী বলছেন, আমাকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। আমি পৌরসভা চালাতে পারব না। নারীদের বাইরে যেতে দেব না।’এই পৌরসভায় বিএনপির তুলনায় আওয়ামী লীগের সমর্থন কম—বলেছেন দলটির প্রার্থী ইয়াকুব আলী মণ্ডল। তবে বিএনপি ও জামায়াতের দুই প্রার্থী থাকায় তাঁর জন্য সুবিধা হয়েছে বলে মনে করছেন তিনি।ঝামেলা আছে মহাজোটেও: নাটোর পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক সাংসদ মুজিবুর রহমান। কিন্তু মহাজোটের সমর্থন না পেয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তবে তিনি মহাজোটের প্রার্থীর পক্ষে প্রচারে নামছেন না।প্রথম আলোকে মুজিবুর রহমান বলেন, ‘আমি কারও জন্য নামিনি। আওয়ামী লীগের প্রার্থী যদি মহাজোটের প্রার্থী হতেন, তাহলে তিনি আমাদের ডাকতেন। তবে আমরা মহাজোটের পক্ষেই আছি। কাউকে বললে মহাজোটের পক্ষে ভোট দিতেই বলি। এটা আমাদের নৈতিক দায়িত্ব।’আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী কামরুল ইসলাম অবশ্য এ নিয়ে চিন্তিত নন। তিনি বলেন, ‘জাতীয় পার্টির কয়েকজন নেতা আজও আমার সঙ্গে পথসভায় ছিলেন। তাঁরা আমার পক্ষেই কথা বলছেন।’জাতীয় নয়, ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ স্থানীয় ইস্যু: নলডাঙ্গা ও নাটোর পৌরসভায় ভোটার ও প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেল, রাস্তাঘাট, বিশুদ্ধ পানি সরবরাহ, নালা ও পয়োনিষ্কাশন, বয়স্ক ও বিধবা ভাতা, কৃষি ভর্তুকিসহ সামাজিক নিরাপত্তার বিভিন্ন খাতে দুর্নীতি এবং যেখানে বিদ্যুৎ নেই, সেখানে বিদ্যুতের সংযোগ দেওয়ার দাবিই এই নির্বাচনে ভোটারদের কাছে মূল বিষয়। প্রার্থীদের কাছে তাঁরা এসব বিষয়ে প্রতিশ্রুতি চাচ্ছেন।নাটোর পৌরসভায় আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিচ্ছি না। তবে বলছি, কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকারে একই দলের লোক থাকলে অনেক প্রকল্প আনা যাবে। আমার চিন্তায় অনেক কিছু আছে। নির্বাচিত হলে এমন কিছু করব, যাতে মানুষ অনেক দিন মনে রাখে।’বিএনপির সমর্থিত প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন বলেন, ‘রাস্তাঘাট, নালা, পানি সরবরাহই মূল দাবি। আমি বলেছি, এসব দাবি পূরণের চেষ্টা করে যাব।’নলডাঙ্গা পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ইয়াকুব আলী মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘আমি ভোটারদের বলেছি, আমি নির্বাচিত হলে কাউকে বয়স্ক ও বিধবা ভাতা নিতে ঘুষ দিতে হবে না। বিদ্যুতের দাবির বিষয়ে বলেছি, এটা আমার সাধ্যের বাইরে। তবে সরকার যাতে বিদ্যুতের সংযোগ দেয়, সে চেষ্টাই কেবল করতে পারি।’বিএনপির সমর্থিত মেয়র পদপ্রার্থী আব্বাস আলীও বলেন, ‘ভোটাররা এসব বিষয়েই কেবল দাবি জানাচ্ছেন। তবে আমি কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না।’জামায়াতের প্রার্থী ফজলুর রহমান বলেন, ‘আমি ভোটারদের বলছি, আমি সুশাসন দেব। আমার কাজকর্মে সততা থাকবে।’