নাটোরে বিএনপির নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার মহরকয়া গ্রামে গত শুক্রবার বিএনপির স্থানীয় নেতা আকবর আলীকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত সাতটা পর্যন্ত এ ঘটনায় মামলা বা কাউকে আটক করা হয়নি। লালপুর থানা সূত্রে জানা যায়, বিলমাড়িয়া ইউনিয়নের মহরকয়া গ্রামের বাসিন্দা আকবর (৬৫) রাত পৌনে ১০টার দিকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে গ্রামের বটতলা মোড়ে পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পেটে গুলি লাগলে তিনি গুরুতর আহত হন। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রাজশাহী নেওয়ার পথে আকবর মারা যান। আকবরের ছেলে মো. মিল্টন জানান, পদ্মার চরে জমিজমা নিয়ে কিছু লোকের সঙ্গে তাঁর বাবার বিরোধ চলছিল। এ ব্যাপারে একাধিক সালিস বৈঠকও হয়েছে। চরে সক্রিয় একটি সন্ত্রাসী বাহিনী তাঁকে হত্যা করে থাকতে পারে। বিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাশেম জানান, নিহত আকবর আলী ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। কী কারণে কারা তাঁকে হত্যা করেছে, তা স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে জানা যায়, আকবর দীর্ঘদিন বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম হত্যার ঘটনা নিশ্চিত করে বলেন, কারা কেন তাঁকে হত্যা করেছে, তা জানা যায়নি। কাউকে আটক করাও সম্ভব হয়নি। এ ব্যাপারে কেউ মামলা করেনি। ওসি জানান, প্রাথমিকভাবে খোঁজখবর নিয়ে ধারণা করা হচ্ছে, চরের জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।