নাটোরে বিষাক্ত মদ পানে ৫ জনের মৃত্যু
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর খৃষ্টানপাড়ায় বিষাক্ত মদ পান করে এক নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।বড়াইগ্রাম থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার রাজাপুর খৃষ্টানপাড়ার মাদক ব্যবসায়ী গীতা রানী সরকার ও কয়েকজন ক্রেতা মদ পান করেন। কিছুক্ষণ পর তাঁরা অসুস্থ হয়ে পড়েন। গতকাল রোববার সকালে স্থানীয় লোকজন গীতা রানীর বাড়ির উঠানে তিনিসহ চারজনের মৃতদেহ দেখতে পান। এ সময় নাহিদ নামের এক ব্যক্তিকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এলাকাবাসী নাহিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি বড়াইগ্রামের গোপালপুর গ্রামে। মৃত আরেকজনের নাম টুটুল হোসেন। টুটুল বড়াইগ্রাম উপজেলার ওয়ারেছপাড়ার বাসিন্দা। মারা যাওয়া অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।গোপালপুর গ্রামের বকুল সরকার বলেন, ‘ঘটনা গভীর রাতে ঘটায় আমরা কেউ জানতে পারিনি। সকালে গীতা রানীর বাড়িতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখেছি।’গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাহার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।গতকাল বিকেল চারটায় বড়াইগ্রাম থানাধীন বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ‘মদ পান করে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থল কোন জেলায় পড়েছে, তা নিয়ে জটিলতা রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম বলেন, ওই এলাকাটি পাবনার অন্তর্ভুক্ত।