একসময় কবি-সাহিত্যিকদের আসর বসত নাটোরের দিঘাপতিয়া রাজবাড়িতে। এখন রাজা-রাজ্য কিছুই নেই। আসরও বসে না আর। তবে আছে স্মৃতিবিজড়িত রাজবাড়িটি। সেই রাজবাড়ি চত্বরে অবস্থিত দিঘাপতিয়া এম কে ডিগ্রি কলেজে গতকাল সোমবার বসেছিল ভবিষ্যতের কবি-সাহিত্যিকদের সঙ্গে একালের কবি-সাহিত্যিকদের মিলনমেলা। এইচএসবিসি ও প্রথম আলোর উদ্যোগে আট জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে নাটোর অঞ্চলের ভাষা প্রতিযোগ-২০১২ ওই কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের কলেজ মাঠে আসতে বলা হয়েছিল সকাল সাড়ে আটটার মধ্যে। তবে আটটার আগেই পৌঁছে যায় অনেকে। অল্প সময়ের ব্যবধানে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, রাজশাহী ও নাটোরের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭০০ শিক্ষার্থীর পদচারণে মুখর হয়ে ওঠে কলেজ মাঠ। দশটায় দিঘাপতিয়া এম কে ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবদুর রাজ্জাক জাতীয় পতাকা উত্তোলন শেষে ভাষা প্রতিযোগের উদ্বোধন ঘোষণা করেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভাষাশহীদেরা জীবন উৎসর্গ করেছে মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য। এখন বাংলা ভাষার মর্যাদা বাড়ানোর দায়িত্ব তোমাদের।’ উদ্বোধনী অনুষ্ঠানে ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মহাম্মদ দানীউল হক। নাটোর বন্ধুসভার সদস্যরা পরিবেশন করেন জাতীয় সংগীত।উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় ৩০ মিনিটের ভাষা পরীক্ষা। এরপর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। এ পর্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু। মজার কথা আর হাসিতে তিনি মাতিয়ে তোলেন খুদে ভাষাবিদদের।বাংলা ভাষা কীভাবে এল? বাংলা বানান কেন বদলে যাচ্ছে? সর্বপ্রথম বাংলা ব্যাকরণ কে লিখেছিলেন? আমরা না হয় ভুল করতে পারি, কিন্তু পণ্ডিতেরা কেন পত্রিকায় ভুল বানান লেখেন? শিক্ষার্থীদের এমন নানা প্রশ্নের উত্তর এ সময় ব্যাখ্যাসহকারে বুঝিয়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার, প্রাবন্ধিক ফরহাদ খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মিজানুর রহমান খান, ফোকলোর বিভাগের শিক্ষক মোস্তফা তারিকুল আহসান ও কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের বাংলা বিভাগের শিক্ষক ফারুক হোসেন। আর ভালো প্রশ্নের জন্য উপহার হিসেবে ছিল বই। অনুষ্ঠানে নাটোরের ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন লেখক গোলাম কামরান। এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া বলেন, ‘শিক্ষার্থীদের উপস্থিতি ও ভাষার প্রতি তাদের আগ্রহ উৎসাহব্যঞ্জক। আশা করছি, ভাষার প্রতি তাদের ভালোবাসা আরও বাড়বে।’ এরপর দিঘাপতিয়া এম কে ডিগ্রি কলেজের অধ্যক্ষের হাতে ভেন্যু স্মারক তুলে দেন প্রাবন্ধিক ফরহাদ খান। বক্তব্য অনুষ্ঠানের পর মঞ্চে আসেন ক্লোজআপ তারকা কিশোর। মোট চারটি গান শোনান তিনি।সবশেষে পুরস্কার বিতরণ করা হয়। এতে বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন ভাষা প্রতিযোগ-২০১২-এর সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারিক মনজুর। প্রাথমিক বিভাগে মেহেদী হাসান, হূত্বিক অধিকারী ও জয়া মণ্ডল, নিম্ন মাধ্যমিকে অন্তর কুমার সাহা, হোমায়রা তাবাসসুম ও আফিহা ইবনাত সুবাহ, মাধ্যমিকে মোস্তফা রাফিদ, দেবারতী সরকার ও তাসমীম জাহান এবং উচ্চ মাধ্যমিকে আবদুল্লাহ হিল কাফি, মাহবুব হাসান ও মো. অহিদুর রহমান যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার লাভ করে। আর সেরাদের সেরা পুরস্কার পায় রাজশাহী কলেজিয়েট স্কুলের দশম শ্রেণীর ছাত্র মোস্তফা রাফিদ। এ ভাষা প্রতিযোগে সার্বিক সহযোগিতায় ছিলেন নাটোর বন্ধুসভার বন্ধুরা।