নাটোরে মা-মেয়ে খুন, আটক এক
নাটোরের বাগাতিপাড়া উপজেলার ডুমরাই ঢাকোপাড়া গ্রামে গতকাল বুধবার রাতে দুর্বৃত্তদের হাতে এক মহিলা ও তাঁর মেয়ে খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।বাগাতিপাড়া থানার পুলিশ জানায়, গ্রামবাসীর কাছে খবর পেয়ে পুলিশ আজ সকালে উপজেলার ডুমরাই ঢাকোপাড়া গ্রাম থেকে তরিকুল ইসলামের স্ত্রী মতিজান বেগম (৪৫) এবং তাঁর মেয়ে শেলী আক্তারের (১৬) লাশ উদ্ধার করে। গতকাল রাতে কোনো একসময় তাঁদের শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। মা-মেয়ের গলায় জখমের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মতিজানের স্বামী তরিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হোসেন আলী নামের এক সাইকেল মেকারকে আটক করেছে। তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বাগাতিপড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবদুস সালাম বলেন, মা-মেয়ে ডুমরাই ঢাকোপাড়া গ্রামের মাঠে ফাঁকা জায়গায় বাড়ি করে বসবাস করছিলেন। ওই দুজন ছাড়া বাড়িতে আর কেউ থাকত না। মতিজানের স্বামী তরিকুল রাজশাহীতে থাকেন। মা-মেয়ের লাশ উদ্ধারের পর তাঁকে খবর দিয়ে সেখানে আনা হয়েছে।ওসি আরও জানান, মতিজান বেগম সুদে টাকা খাটাতেন। সুদের টাকা আদায় নিয়ে দ্বন্দ্বের জের ধরে কেউ এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।