নাটোরে যুবলীগকর্মী গুলিবিদ্ধ
নাটোর শহরের রসুলের মোড়ে গতকাল বুধবার রাতে প্রতিপক্ষের হামলায় আফজাল হোসেন (২৮) নামের এক যুবলীগের কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।নাটোর সদর থানা সূত্রে জানা যায়, গতকাল রাত নয়টার দিকে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সমর্থিত কর্মী আফজাল হোসেন মোটরসাইকেল নিয়ে রসুলের মোড়ে যান। এ সময় জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম রমজানের সমর্থিত কর্মী আনিছ ও রিপন তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে তাঁরা আফজাল হোসেনের বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করেন। এতে আফজালের বুকের ডান অংশে গুলি লাগে। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আফজালের সঙ্গে থাকা ওমর আলী বলেন, প্রতিপক্ষরা বন্দুক ঠেকিয়ে গুলি করেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরপরই বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।