নাটোরে যুবলীগের কর্মীকে গুলি, রগ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের নিচাবাজার এলাকায় গতকাল শুক্রবার বিকেলে যুবলীগের এক কর্মীকে গুলি করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থা তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনার কয়েক ঘণ্টা পর নাটোরের পৌর কাউন্সিলর আরিফুর রহমানের বাড়ি থেকে দুই হাজার ১০০টি গুলি ও দুটি আগ্নেয়াস্ত্রসহ চারজনকে আটক করেছে পুলিশ। নাটোর সদর থানা সূত্রে জানা যায়, গতকাল বিকেলের দিকে নিচাবাজার এলাকায় অজ্ঞাত নানা সন্ত্রাসীরা পলাশ নামে যুবলীগের এক কর্মীকে পরপর তিনটি গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গতকালই তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে। নাটোর সদর হাসপাতালের চিকিৎসক রতন কুমার সাহা বলেন, ‘পলাশের শরীরে এত জখমের চিহ্ন ছিল যে, কোনটি গুলি আর কোনটি ধারালো অস্ত্রের আঘাত তা আমরা তাৎক্ষণিকভাবে চিহ্নিত করতে পারিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহীতে পাঠানো হয়েছে।’ নাটোর সদর হাসপাতালের বহির্বিভাগের সেবক (ব্রাদার) আবু রায়হান প্রথম আলোকে বলেন, ‘আহত পলাশের পায়ের রগ কাটা দেখেছি।’এই ঘটনার পর রাত সাড়ে আটটার দিকে পুলিশ শহরের ফৌজদারিপাড়ায় কাউন্সিলর আরিফুরের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে দুই হাজার ১০০টি গুলি, একটি রাইফেল ও একটি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ফৌজদারিপাড়ার সুমন-১ (২৮), সুমন-২ (২৭), মিলন (৩০) ও রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর এলাকার তরিকুল ইসলামকে (২৫)।নাটোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, পলাশ শহর যুবলীগের একজন সক্রিয় কর্মী।সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আপেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কাউন্সিলর আরিফুর রহমান বলেন, ‘জব্দ করা গুলি ও অস্ত্র আমি বৈধভাবে সংরক্ষণ করেছিলাম। আমার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে।’ নাটোরের জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক সুলতান আবদুল হামিদ জানান, কাউন্সিলর আরিফুর রহমানকে বছরে সর্বোচ্চ ১০০টি গুলি ব্যবহারের অনুমতি দেওয়া হয়। অনুমতির চেয়ে বেশি গুলি কেনা ও সংরক্ষণ করা দণ্ডনীয় অপরাধ।