নাটোরে যুবলীগের দুই কর্মীর লাশ উদ্ধার
নাটোরে গতকাল মঙ্গলবার সকালে যুবলীগের দুই কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁরা হলেন ইকবাল ওরফে ফাউল সুজন (৪০) ও খোরশেদ আলম ওরফে শাওন (৩৮)। এদিকে সাতক্ষীরায় নিখোঁজ হওয়ার চার দিন পর মাছ ব্যবসায়ী পরিতোষ সরকারের (২৮) লাশ গতকাল সকালে উদ্ধার করা হয়েছে। পরিতোষ সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের বিষ্ণুপদ সরকারের ছেলে।নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ইকবাল কিছুদিন ধরে নাটোর শহরে থাকলেও তাঁর বাড়ি পাবনা শহরের দিলালপুর মহল্লায়। তিনি পাবনা পৌরসভার সাবেক কাউন্সিলর ফিরোজ হোসেনের ছেলে। অন্যদিকে শাওনের বাড়ি ঢাকার কাফরুল এলাকায়। নাটোর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল রাতে স্বজনেরা তাঁদের লাশ নিয়ে গেছে।ওসি জানান, নিহত দুজনের বিরুদ্ধে সদর থানায় একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে।গতকাল সকালে পথচারীরা সিংড়া উপজেলার নিংগুইন এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের দশ নম্বর সেতুর নিচে দুই যুবকের লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের পাশে একটি মোড়কে মুঠোফোনের দুটি সেট ও ১০টি সিম পাওয়া যায়। পরে জেলা যুবলীগের সাবেক সহসভাপতি (সদ্য বহিষ্কৃত) এহিয়া চৌধুরী থানায় গিয়ে লাশ দুটি যুবলীগের কর্মী ইকবাল ও খোরশেদের বলে শনাক্ত করেন। তাঁরা দীর্ঘদিন এহিয়া চৌধুরীর শহরের কানাইখালী চৌধুরীপাড়া মহল্লার বাসায় থাকতেন এবং তাঁর সঙ্গে যুবলীগের কর্মকাণ্ডে অংশ নিতেন।এহিয়া চৌধুরী সাংবাদিকদের জানান, ১০ আগস্ট দিবাগত রাত তিনটার দিকে ১০-১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী তাঁর বাসা থেকে ইকবাল ও শাওনকে ধরে নিয়ে যায়। তাঁরা যুবলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ঘটনাটি সদর থানায় জানানো হয়েছিল। এহিয়া জানান, লাশের পাশে চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির পতাকা পড়ে ছিল। এ ব্যাপারে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত দুই যুবক নাটোর জেলা যুবলীগের কোনো সদস্য নন। তাঁরা যুবলীগের বহিষ্কৃত সহসভাপতি এহিয়া চৌুধীর আশ্রয়-প্রশ্রয়ে থাকত। পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, কারা কীভাবে ওই দুই যুবককে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।প্রথম আলোর পাবনা কার্যালয়ের প্রতিবেদক গতকাল দুপুরে শহরে সাবেক কাউন্সিলর ফিরোজ হোসেনের বাসায় গিয়ে শোকাবহ পরিবেশ দেখতে পান। সদর থানার ওসি মতিয়ার রহমান জানান, নিহত ইকবালের বিরুদ্ধে থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।মাছ ব্যবসায়ীর লাশ: সাতক্ষীরার দেবহাটা থানার ওসি আবদুল বারী জানান, কুলিয়া গ্রামের পরিতোষ ১৩ আগস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। গতকাল ভোরে গ্রামের একটি বাঁশবাগানের মধ্যে লোকজন তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, ধারণা করা হচ্ছে, পরিতোষকে শ্বাসরোধ করে হত্যা করে ওই স্থানে ফেলে রাখা হয়। এ ঘটনায় পরিতোষের বাবা হত্যা মামলা করেছেন। ঘটনায় জড়িত সন্দেহে কুলিয়ার রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।