নাটোরে রাসু হত্যা মামলায় তিন আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে যুবলীগের কর্মী আবু বক্কর ওরফে রাসু হত্যা মামলার আসামি তৌহিদুল, সাজেদুল ও উজ্জ্বলের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন নাটোরের মুখ্য বিচারিক হাকিম মো. লিয়াকত আলী মোল্লা। মামলার তদন্তকারী কর্মকর্তা নাটোর সদর থানার উপপরিদর্শক মো. হিজবুর মুন্সি আসামিদের পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত তিন দিন করে মঞ্জুর করেন। পুলিশ গত বৃহস্পতিবার রাতে নাটোর শহরের জেলেপাড়া মহল্লা থেকে তাদের আটক করে।২৩ মে রাতে শহরের কানাইখালী জেলেপাড়া এলাকায় প্রতিপক্ষ যুবলীগের কর্মীরা রাসুকে গুলি করে হত্যা করে।আজকের রিমান্ড আবেদনে পুলিশ জানায়, ইতিমধ্যে আসামিরা রাসুকে হত্যার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ওই হত্যার কাজে ব্যবহূত রক্তমাখা একটি ওড়না উদ্ধার করেছে। এ ছাড়া রাসু মারা যাওয়ার আগে উজ্জ্বলের মুঠোফোন থেকে রাসু তার বোনের সঙ্গে কথা বলে। তাই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আরও তথ্য বেরিয়ে আসতে পারে।এর আগে আটক হওয়া পাঁচ যুবলীগ কর্মীর চার জনকে তিন দিন করে ও একজনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।