নাটোরে রাসু হত্যাকাণ্ড: আরও ৩ যুবলীগ কর্মী গ্রেপ্তার
নাটোরে যুবলীগের কর্মী আবু বক্কর ওরফে রাসুর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও তিনজন যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সদর থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে শহরের জেলেপাড়া থেকে তাদের গ্রেপ্তার করে। নাটোর থানা সূত্রে জানা যায়, পুলিশ গতকাল রাতে শহরের জেলেপাড়া মহল্লা থেকে নিবুল (২২), উজ্জ্বল (২০) ও সাজেদকে (২১) আটক করে। এজাহারে তাঁদের নাম উল্লেখ না থাকলেও গ্রেপ্তারের পর তাঁদেরকে রাসু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, তাঁরা প্রকৃত যুবলীগ কর্মী না, তাঁরা ‘হাইব্রিড’ যুবলীগ।প্রসঙ্গত, ২৩ মে রাতে শহরের কানাইখালী জেলেপাড়া এলাকায় রাসুকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।