নাটোরে শান্তিপূর্ণ হরতাল পালিত
নাটোরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আজ সোমবার শান্তিপূর্ণভাবে বিএনপির ডাকা হরতাল পালিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদারের মুক্তির দাবিতে জেলা বিএনপি এ হরতাল আহ্বান করে। গত শনিবার নাটোর শহরের আলাইপুর এলাকায় নিজ বাসার সামনে যুবলীগের একজন নেতাকে গুলি করার অভিযোগ এনে পুলিশ রুহুল কুদ্দুস তালুকদারকে গ্রেপ্তার করে।তাঁর মুক্তির দাবিতে শনিবার রাতেই জেলা বিএনপি আজকের সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। নাটোর থানা ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর ছয়টার দিকে হরতাল-সমর্থকেরা নাটোর-ঢাকা মহাসড়কের দত্তপাড়া, নাটোর-বগুড়া মহাসড়কের ফুলবাগান ও নাটোর-রাজশাহী সড়কের কাফুরিয়া মোড়ে অবস্থান নেয়। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সারা দিন এসব সড়কে কোনো যানবাহন চলাচল করেনি। তবে হরতাল চলাকালে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। আজ হরতালে শহরের দোকানপাট, অফিস-আদালত, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ ছিল। বেলা তিনটার দিকে হরতালের সমর্থনে বিএনপি শহরের আলাইপুর এলাকায় মিছিল বের হয়। তবে পুলিশের বাধায় মিছিলকারীরা শহরের ভেতর ঢুকতে পারেনি। একই সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা কানাইখালী এলাকায় হরতালবিরোধী মিছিল বের করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বলেন, ‘হরতাল সফল হয়েছে। এর পরও সরকার রুহুল কুদ্দুস তালুকদারকে মুক্তি না দিলে আমরা নাটোরে টানা হরতাল দিতে বাধ্য হব।’ নাটোরের পুলিশ সুপার কায়ুমুজ্জামান খান প্রথম আলো ডটকমকে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রুহুল কুদ্দুস তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তাঁকে মুক্তি দেওয়ার বিষয়টি আদালতের ওপর নির্ভর করছে।