নাটোরের বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান ও স্থানীয় বিএনপির নেতা সানাউল্লাহ নূরের হত্যার প্রতিবাদে আজ রোববার নাটোরে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করেছে বিএনপি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।নিহত হওয়া সানাউল্লাহর স্ত্রীর দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেনের ভাতিজা রাসেল ওরফে রাপ্পু ওরফে রাক্কুকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে আজ রোববার বিকেলে তাঁকে বড়াইগ্রাম আমলি আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত রিমান্ড শুনানির জন্য কাল সোমবার দিন ধার্য করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাসেল স্থানীয় যুবলীগ কর্মী এবং মামলার এজাহারভুক্ত আসামি।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, রোববার নাটোর-পাবনা মহাসড়কের যে স্থানে সানাউল্লাহ খুন হন, আজ সেখানে বিএনপির শত শত নেতা-কর্মী কান্নায় ভেঙে পড়েন। এ ছাড়া বনপাড়া বাইপাস থেকে বাজার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। পরে সেখানে একটি সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে নেতা-কর্মীরা সানাউল্লাহর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। তা না হলে কাল সোমবার বিকেলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোর ছয়টা থেকে ঢাকা-নাটোর, রাজশাহী-নাটোর, বগুড়া-নাটোর ও নাটোর-পাবনা-কুষ্টিয়ার মধ্যকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে নাটোর সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। জেলার অভ্যন্তরে আন্তউপজেলার গাড়ি চলাচলও বন্ধ ছিল। নাটোর ও বনপাড়া শহরের সব দোকানপাট বন্ধ ছিল। সরকারি অফিস, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান খোলা থাকলেও কোনো লেনদেন হয়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।