নাটোরে শামসুল হত্যা মামলার প্রধান আসামি ২ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার শামসুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি শুকুর আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ বৃহস্পতিবার দুপুরে জেলার বিচারিক হাকিম রওশন আলম এই রিমান্ড মঞ্জুর করেন।আদালত সূত্রে জানা গেছে, এই মামলার প্রধান আসামি শুকুর আলীকে আজ দুপুরে বাগাতিপাড়ার বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম শুকুর আলীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত শুকুর আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।উল্লেখ্য, গত বছরের ২৪ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলার বারইপাড়া গ্রামের শামসুল ইসলাম তাঁর মামাতো বোন রাশেদা বেগমের সঙ্গে শুকুর আলীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ ঘটনার পর ২৬ ডিসেম্বর শামসুল ইসলাম নিখোঁজ হন।পরে ২ জানুয়ারি সকালে রাশেদা বেগমের বাড়ির পাশে বড়াল নদী থেকে শামসুল ইসলামের বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শামসুল ইসলামের বড় ভাই সিদ্দিকুর রহমান বাদী হয়ে বাগাতিপাড়া থানায় রাশেদা ও শুকুর আলীসহ ছয়জনের নামে হত্যা মামলা দায়ের করেন। পরে ২ জানুয়ারি সন্ধ্যায় রাশেদা বেগমকে এবং গত মঙ্গলবার শুকুর আলীকে গ্রেপ্তার করে পুলিশ।