নাটোরে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর জোট
নাটোরের নলডাঙ্গা থানার মাধনগরে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠেছে। ১০ জানুয়ারি থেকে তারা বিক্ষোভ, সমাবেশ, মিছিল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে প্রশাসনকে সন্ত্রাস দমনে আরও জোরালো ভূমিকা রাখতে চাপ দেয়। পুলিশ ইতিমধ্যে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করায় বর্তমানে এলাকাবাসী বিক্ষোভ কর্মসূচি স্থগিত রেখেছে। এলাকাবাসী সূত্র জানায়, এলাকার কিছু বখে যাওয়া যুবক খাসজমি দখল, মাদকব্যবসা ও চাঁদাবাজি করতে শুরু করেছে। তাদের অত্যাচারে জনগণ অতিষ্ঠ। ৮ জানুয়ারি সন্ত্রাসীরা মাধনগরের একটি রেলওয়ের খাসজমি জবর দখল করতে গেলে স্থানীয় লোকজন বাধা দেয়। এতে বিক্ষুব্ধ হয়ে ওই সন্ত্রাসীরা মকছেদ আলীকে গুলি করে। তাদের রামদার আঘাতে রওশন আলী ও এরশাদ আলী গুরুতর আহত হন। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব ঘটনায় পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়। অবশেষে সর্বস্তরের লোকজন ১০ জানুয়ারি মাধনগর রেলওয়ে প্লাটফর্মে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য দেন স্থানীয় আওয়মী লীগের নেতা ইয়াছিন-উর রহমান, আমজাদ হোসেন দেওয়ান, আহমদ আলী সরদার, মিজানুর রহমান, গোলাম হোসেন, মতিউর রহমান, সামসুল হক, মিঠু প্রমুখ। সমাবেশে যুবলীগের সভাপতি মিজানুর রহমান সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নামধারী যুবলীগ কর্মী রনি, জেন্টু, কুদ্দুস, জাহাঙ্গীর, আলীমসহ তাদের দল থেকে বহিষ্কারের ঘোষণা দেন এবং তাদের গ্রেপ্তারের দাবি জানান। পরে তাঁরা নলডাঙ্গা থানা ঘেরাও করে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। একই সময় ব্যবসায়ীরা মাধনগর বাজারের সব দোকানপাট বন্ধ রাখেন। সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিলে পুলিশ দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তারের আশ্বাস দেয়। সন্ধায় ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। জোয়ানপুর গ্রামের মকছেদ আলী বলেন, তিনি ও প্রতিবেশী মজাহার আলী ৫০ বছর ধরে কুচিয়ামারা সেতুর কাছে রেলওয়ের আড়াই বিঘা খাসজমি লিজ নিয়ে চাষাবাদ করছেন। অথচ ৮ জানুয়ারি একই গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে রনি ও তার সহযোগী আলীমের নের্তৃত্বে ১৪-১৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ওই জমি দখলের চেষ্টা করে। পরে সর্বস্তরের লোকজনের চাপে পুলিশ আলীম ও নুরু নামের দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।এদিকে গ্রেপ্তার হওয়া আলীম ১১ জানুয়ারি পুলিশ হেফাজতে নাটোর আদালতে ঢোকার সময় বলেন, ‘আমি নিজেও সরকারি দল করি। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত ও শত্রুতাবশত।’ নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত আছে। সবাইকে আইনের কাছে সোপর্দ করা হবে।