নাটোরে সাত জঙ্গি আটক
নাটোরের সিংড়া উপজেলার কালীগঞ্জ বাজার থেকে আব্দুর রব ওরফে বাদশা নামের একজনকে অপহরণের চেষ্টাকালে সাত জঙ্গিকে গতকাল সোমবার রাতে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে রাম দা ও হাতুড়ি উদ্ধার করা হয়। আব্দুর রব উপজেলার ছাতারদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।সিংড়া থানা সূত্র জানায়, আব্দুর রব গতকাল সন্ধ্যায় কালীগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সিংড়া অঞ্চলের প্রধান আব্দুর রাজ্জাক ওরফে রাজুসহ (২৯) সাতজন জঙ্গি তাঁকে জোর করে একটি মাইক্রোবাসে তোলেন। এরপর তাঁরা রবকে নিয়ে পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদীঘি উপজেলার চাঁপাপুর গ্রামে ঢুকে পড়লে স্থানীয় জনতার হাতে ধরা পড়েন। বিক্ষুব্ধ জনতা রাজুসহ সাতজনকে আটক করে বেদম পিটুনি দেয় ও মাইক্রো ভাঙচুর করে। খবর পেয়ে সিংড়া থানার পুলিশ সেখানে গিয়ে জঙ্গিদের নাটোর সদর থানায় নিয়ে আসে। আটক হওয়া বাকি ছয়জন হলেন—নাটোর সদর উপজেলার কানাইখালীর মোকছেদ আলীর ছেলে মতিউর রহমান (১৮), মজনু শেখের ছেলে রাসিদুল হক সুজন (২০), কাউছার আলীর ছেলে সিরাজুল ইসলাম ওরফে ধলু (২০), নীচাবাজার মহল্লার মীর রেজাউল করিমের ছেলে মীর আশিকুর রহমান (২২), হাবিবুর রহমানের ছেলে তনু (২৩) ও চৌধরী বড়গাছা মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে মোর্শেদ খান ওরফে মামুন (২২)।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক আজ মঙ্গলবার দুপুরে জানান, জঙ্গি নেতা আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে সিংড়ার বামিহাল পুলিশ ফাঁড়ি লুট ও আনসার হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। জঙ্গি তত্পরতার অভিযোগেও তাঁকে একাধিকবার গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, জঙ্গিরা আওয়ামী লীগের নেতা আব্দুর রবকে হত্যা করার উদ্দেশে অপহরণ করা হয়েছিল। আটক হওয়া ব্যক্তিদের আরও জিজ্ঞাসাবাদ করে আদালতে পাঠানো হবে।’