নাটোরে সানাউল্লাহ নূর হত্যা মামলার ১১ আসামির মুক্ত
নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নেতা সানাউল্লাহ নূর ওরফে বাবু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ১১ আসামির সবাই নাটোর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। মুক্তির পর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের সংবর্ধনা দেয় স্থানীয় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ।এ সময় আসামিরা হুমকি দেন, সানাউল্লাহ হত্যার সঙ্গে তাঁদের জড়িত থাকার ব্যাপারে সাত দিনের মধ্যে বড়াইগ্রামের বনপাড়া বাজারের ব্যবসায়ীদের প্রমাণ দিতে হবে। নইলে তাঁদের বিচার করা হবে।এ ঘটনায় সানাউল্লাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মামলার বাদী নিহত ব্যক্তির স্ত্রী মহুয়া নূর, সাক্ষী ও বিএনপির নেতা-কর্মীরা।জানা যায়, ৬ মার্চ বিচারপতি মো. সামশুল হুদা ও বিচারপতি আবু বক্কর সিদ্দিকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ নাটোরের মুখ্য বিচারিক হাকিমের সন্তুষ্টি সাপেক্ষে ১১ আসামির ছয় মাসের জামিন মঞ্জুর করেন। আসামিরা হলেন ছাত্রলীগের কর্মী রাসেল ওরফে রাপ্পু, বাদশা মণ্ডল, আশরাফুল ইসলাম, লুত্ফর রহমান, রেজাউল করিম, হাশেম মৃধা, গৌতম ঘোষ, আবদুল খালেক, মো. হাবিব, বাবলু মোল্লা ও বাবু মোল্লা।আসামিদের আইনজীবী আরিফুর রহমান আজ সকালে নাটোরের মুখ্য বিচারিক হাকিমের কাছে জামিননামা দাখিলের অনুমতি চান। আদালতের হাকিম মোহাম্মদ শরিফ উদ্দিন প্রত্যেকের ১০ হাজার টাকা মুচলেকায় জামিননামা দাখিলের নির্দেশ দেন। দুপুরের মধ্যেই আইনজীবী তাঁদের জামিননামা দাখিল করেন। বিকেলে জামিননামা নাটোর কারাগারে পৌঁছালে সন্ধ্যা সাতটার দিকে আসামিরা ছাড়া পান। স্থানীয় আওয়ামী লীগের নেতারা তাঁদের ফুলের মালা দিয়ে বরণ করেন। পরে তাঁদের মোটর শোভাযাত্রা সহকারে বড়াইগ্রাম উপজেলা পরিষদের শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে দাঁড়িয়ে সানাউল্লাহ হত্যা মামলার প্রধান আসামি জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেন বনপাড়া বাজারের ব্যবসায়ীদের হুমকি দিয়ে বক্তব্য দেন।এরপর জাকির সহযোগী আসামিদের নিয়ে বনপাড়া বাজারের যাত্রীছাউনির সামনে সংক্ষিপ্ত সংবর্ধনা সভায় যোগ দেন। জাকির দাবি করেন, ‘আমরা বাবুর ওপর হামলা চালাইনি। বাবু কীভাবে মারা গেল তাও রহস্যজনক। কারণ বাবু আহত হওয়ার পর তাঁর দলের নেতারা তাঁকে নিয়ে পাঁচ ঘণ্টা গাড়িতে করে ঘুরে বেড়িয়েছেন। তাঁদের অবহেলার কারণে বাবু মারা গেছে।’জাকির বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় বনপাড়ার ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছেন, মানববন্ধন করেছেন। তাঁদের কারণে আমরা নির্দোষ হয়েও দীর্ঘদিন কষ্টভোগ করেছি। এখন দেখব তাঁরা আমাদের জন্য কী করেন। আমরা যে সানাউল্লাহ নূরের হত্যার সঙ্গে জড়িত ছিলাম তা সাত দিনের মধ্যে বনপাড়ার ব্যবসায়ীদের প্রমাণ করে দিতে হবে। নইলে আমরা শপথ করছি, সাত দিন পর তাঁদের বিচার আমরা করব।’সভাপতির ভাষণে বনপাড়া পৌর আওয়ামী লীগের আহ্বায়ক খোকন মোল্লা বলেন, সাত দিন নয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাঁরা আমাদের জন্য কী করবেন তা দেখাতে হবে। নইলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ ঘটনার সময় ধারণ করা ভিডিও চিত্র সম্পর্কে তিনি বলেন, এটা মিডিয়ার সৃষ্টি। ভিডিওতে অসত্য ছবি দেখানো হয়েছে।সভায় আরও বক্তব্য দেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা মোয়াজ্জেম হোসেন ও যুবলীগ নেতা সামসুজ্জোহা।চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের সংবর্ধনা দেওয়া প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ আইনজীবী সাজেদুর রহমান খান বলেন, ‘আসামিরা বাবুকে হত্যা করেছে কি না তা এখনো নিষ্পত্তি হয়নি। তাই তাঁদের সংবর্ধনা দেওয়ার প্রশ্নই ওঠে না। যাঁরা অনুষ্ঠান করেছেন তাঁরা আমাদের না জানিয়ে করেছেন।’ব্যবসায়ীদের হুমকি দেওয়া প্রসঙ্গে সাজেদুর বলেন, ‘এটা অনুচিত। কারণ, কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে হরতাল হলে সব ব্যবসায়ীরা হরতাল পালন করতে বাধ্য হয়। এটা দোষের কিছু না।’শঙ্কা ও সংশয়ে মামলার বাদী ও সাক্ষীরা: যোগাযোগ করা হলে সানাউল্লাহ হত্যা মামলার বাদী তাঁর স্ত্রী মহুয়া নূর প্রথম আলোকে বলেন, ‘যাঁরা দিনের আলোয় শত শত মানুষের সামনে আমার স্বামীকে পিটিয়ে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করল তাঁরা জামিনে ছাড়া পেয়ে গেল!। অথচ ঘটনার সময় ধারণ করা ভিডিওচিত্রেও তাঁদের দেখা গেছে।’মহুয়া বলেন, ‘হত্যাকাণ্ডের চার মাস পার হলেও পুলিশ এখন পর্যন্ত মামলার তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে পারেনি। যাঁরা জামিন পায়নি তাঁরাও প্রকাশ্যে ঘুরছে, সংবর্ধনাসহ বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছে। আমাকে মামলা উঠিয়ে নেওয়ার হুমকি দিচ্ছে। এ অবস্থায় আমি সন্তানদের নিয়ে কোথায় যাব ভেবে পাচ্ছি না।’ সানাউল্লাহ হত্যা মামলার প্রধান সাক্ষী ও বড়াইগ্রাম উপজেলা যুবদলের সভাপতি সর্দার রফিক বলেন, ‘আসামিদের স্পর্ধা দেখে আমি হতাশ। তাঁরা সংবর্ধনার পর পরই আমাকে ফোন করে বলেছে, বাবুর মতো তোর স্ত্রীকেও খুব তাড়াতাড়ি বিধবা করা হবে। তোর কি বাপ মারা গেছে যে তুই মামলায় সাক্ষী হয়েছিস? তুই সাক্ষী হওয়ার মজা দেখতে পাবি।’বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী বলেন, ‘এটা মগের মুল্লুক হয়ে গেছে। নইলে হত্যা মামলা চালু থাকা অবস্থায় আসামিরা কীভাবে সংবর্ধনা সভা করে।’গত ৮ অক্টোবর বড়াইগ্রামের বনপাড়া বাজারে সন্ত্রাসীরা প্রকাশ্যে সানাউল্লাহকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহতের স্ত্রী মহুয়া নূর ২৭ জনের নামসহ ৪৭ জনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা করেন। পরে ২৮ অক্টোবর তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজির কাছে নাম উল্লেখ করে আরও ২৮ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগ দাখিল করেন। মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আহম্মদ আলী তদন্ত করছেন।