নাটোরে সানাউল্লাহ নূরের স্মরণসভায় ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম পৌর মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সানাউল্লাহ নূর হত্যার প্রথম বর্ষ উপলক্ষে বিএনপি সেখানে স্মরণসভার আয়োজন করেছিল। এ নিষেধাজ্ঞা আজ শনিবার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত বহাল থাকবে। বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও থানা সূত্রে জানা যায়, নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নূরকে হত্যার প্রথম বর্ষ উপলক্ষে বড়াইগ্রাম পৌর মাঠে আজ স্মরণসভার আয়োজন করা হয়। একই স্থানে ও একই সময়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মিসভা আহ্বান করে। এতে উভয় পক্ষের নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। কোনো পক্ষই কর্মসূচি প্রত্যাহার না করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম গতকাল শুক্রবার বড়াইগ্রাম পৌর মাঠে ১৪৪ ধারা জারির নির্দেশ দেন।বড়াইগ্রাম উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে স্মরণসভা স্থলে নিষেধাজ্ঞা জারি করার প্রতিবাদে জেলা বিএনপি আজ দুপুরে সংবাদ সম্মেলন করে। জেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ‘নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূরকে এক বছর আগে প্রকাশ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিটিয়ে হত্যা করে। জনপ্রিয় এ নেতাকে হত্যার প্রথম বার্ষিকীতে আমরা স্বাভাবিকভাবে স্মরণসভা ও দোয়া মাহফিল করার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু সেখানে দুর্ভাগ্যজনকভাবে কর্মিসভা আহ্বান করা হয়।’ তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগ ও প্রশাসনের তত্পরতার তীব্র নিন্দা জানাচ্ছি।’ সংবাদ সম্মেলনে সাবেক সাংসদ মোজ্জাম্মেল হক, সানাউল্লাহ নূরের স্ত্রী মহুয়া নূর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, বিএনপি স্মরণসভার নামে বড়াইগ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এ কারণে প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে।