নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা সানাউল্লাহ নূরের হত্যাকাণ্ডের প্রথম বার্ষিকী ছিল গতকাল শুক্রবার। এ উপলক্ষে বিএনপি আয়োজিত স্মরণসভার স্থলে পাল্টা কর্মিসভা করার ঘোষণা দেয় স্থানীয় আওয়ামী লীগ।পরে দুই পক্ষের কাউকে অনুষ্ঠান করতে দেয়নি স্থানীয় প্রশাসন। পণ্ড হয়ে যায় সানাউল্লাহর স্মরণসভা।গত বছরের ৭ অক্টোবর দুর্বৃত্তরা প্রকাশ্যে বড়াইগ্রামের বনপাড়া বাজারে সানাউল্লাহকে পিটিয়ে হত্যা করে।বিএনপি সূত্র জানায়, বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি সানাউল্লাহর হত্যাকাণ্ডের প্রথম বার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে বড়াইগ্রাম পৌর মাঠে স্মরণসভার আয়োজন করা হয়। পৌরসভা কর্তৃপক্ষ গত বুধবার সভা করার লিখিত অনুমোদনও দেয়। এ উপলক্ষে পৌর বিএনপি ব্যাপক প্রচার চালায় এবং ওই মাঠে মঞ্চও তৈরি করা হয়। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ স্থানীয় আওয়ামী লীগ একই মাঠে কর্মিসভা করার ঘোষণা দেয়। এতে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে—এই কথা বলে ওই রাতেই বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ও বড়াইগ্রাম থানা কর্তৃপক্ষ বিএনপিকে স্মরণসভা করতে বারণ করে।তবে বিএনপি স্মরণসভা করতে অটল থাকে। গতকাল দুপুর দুইটার পর থেকে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী বড়াইগ্রাম পৌর মাঠে জড়ো হতে থাকলে পুলিশ বাধা দেয়। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরাও মাঠসংলগ্ন রাস্তায় মিছিল করতে থাকেন। পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন পুলিশের বাধা উপেক্ষা করে মাঠে ঢুকে মঞ্চে অবস্থান করেন। কিন্তু পুলিশ তাঁদের মাইক লাগাতে দেয়নি। কর্মীদের মাঠ থেকে বের করে দেয়। বিপুলসংখ্যক পুলিশ স্মরণসভার মঞ্চ ঘিরে থাকে। একপর্যায়ে ভণ্ডুল হয়ে যায় স্মরণসভা।অন্যদিকে আওয়ামী লীগের কর্মীরা বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পৌর মাঠসংলগ্ন লক্ষ্মীপুর বাজারের রাস্তায় মিছিল ও পথসভা করে চলে যান।বড়াইগ্রাম পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম বলেন, ‘আমরা ইউএনও ও পুলিশ সুপারের কাছে বনপাড়া উচ্চবিদ্যালয় ও কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনপ্রিয় নেতা সানাউল্লাহর স্মরণসভা করতে অনেকবার অনুমতি চেয়েছি। কিন্তু তাঁরা অনুমতি দেননি। পরে বড়াইগ্রাম পৌর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পৌর মাঠে সভা করার উদ্যোগ নিই। সব প্রস্তুতিও শেষ হয়। কিন্তু আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসন আমাদের সভা ভণ্ডুল করে দিল। আমরা কি শোকও প্রকাশ করতে পারব না।’এ ব্যাপারে বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘দলের সিদ্ধান্তে পৌর মাঠে কর্মিসভা ডাকা হয়েছিল। বিএনপি ইচ্ছা করলে অন্য স্থানে সভা করত।’ বিএনপিকে মাঠ ব্যবহারের অনুমতি দেওয়ার পর আওয়ামী লীগ কেন কর্মিসভা ডাকল—এ ব্যাপারে কোনো কথা বলেননি তিনি।স্মরণসভা করতে না দেওয়া প্রসঙ্গে ইউএনও সাইফুল ইসলাম বলেন, ‘আমরা উভয় পক্ষের মধ্যে সমঝোতা করার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে একই স্থানে তো দুই দলকে সভা করতে দিতে পারি না।’অতিরিক্ত জেলা পুলিশ সুপার নাসিরুল ইসলাম বলেন, ‘আমি নিজে সন্ধ্যায় ওই বড়াইগ্রাম পৌর মাঠে থেকে দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করেছি। তারা নিজ নিজ অবস্থানে অনড় ছিল। স্মরণসভা করতে দিতে না পারায় আমরা সত্যিই দুঃখিত। এ ছাড়া কোনো বিকল্প ছিল না।’এ দিকে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা আগামী কাল (আজ শনিবার) যেকোনো মূল্যে এমনকি নিজের জীবন গেলেও বড়াইগ্রাম পৌর মাঠে সানাউল্লাহর স্মরণসভা করবই করব।’নিহত সানাউল্লাহর স্ত্রী মহুয়া নূর বলেন, ‘আমার স্বামীর জনপ্রিয়তাকে আওয়ামী লীগ এতটাই ভয় পায় যে, তারা তাঁর স্মরণসভা করতে দিতেও সাহস পায়নি। নির্লজ্জভাবে সভা পণ্ড করে দিয়েছে।’