নাটোরে সাবেক ওসিসহ ১১ পুলিশ জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে ‘ক্রসফায়ার’-এর নামে ব্যবসায়ী আনছার আলীকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক ওসিসহ পুলিশের ১১ সদস্য গতকাল রোববার জেলা ও দায়রা জজ আবদুল মজিদের আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে ২৭ জুলাই শুনানির দিন ধার্য করেন। আসামিদের পরে জেলহাজতে পাঠানো হয়।আসামিরা হলেন সিংড়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কার, উপপরিদর্শক (এসআই) প্রদুৎ কর ও লিয়াকত আলী, সহকারী উপপরিদর্শক (এএসআই) জসিম উদ্দিন, কনস্টেবল আছির উদ্দিন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন ও অধীর চন্দ্র, নায়েক আবুল কাশেম, সিপাই কামাল হোসেন এবং বর্তমান এসআই মফিজ উদ্দিন। তাঁদের মধ্যে আবু বক্কার বর্তমানে অবসর ছুটিতে আছেন। এসআই প্রদ্যুৎ কর ও লিয়াকত আলী বগুড়া জেলা পুলিশ, এএসআই জসিম উদ্দিন জেলার লালপুর থানার আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্র এবং অন্যরা বিভিন্ন থানায় কর্মরত আছেন।আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৩ জুলাই সকালে সিংড়া থানার পুলিশ বামিহাল বাজারের সার ব্যবসায়ী আনছার আলীকে আটক করে। থানায় আনছারের সঙ্গে আত্মীয়স্বজনের কথাবার্তাও হয়। ২৭ জুলাই রাত দুইটায় কাকিয়ানের জঙ্গলে গুলিবিদ্ধ অবস্থায় আনছারের লাশ পাওয়া যায়। পুলিশ পরিবারকে জানায়, আনছার আলী ক্রসফায়ারে মারা গেছেন। এ ব্যাপারে পুলিশ একটি হত্যা মামলা করে অজ্ঞাত ৩০/৩৪ জনকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। এদিকে নিহত আনছারের বাবা রজব আলী ২০০৯ সালের ১৮ আগস্ট সিংড়া থানার ১৪ পুলিশ সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন। নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুর রহমান মামলাটির বিচার বিভাগীয় তদন্ত করেন। তদন্তে সিংড়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কারসহ ১২ পুলিশ সদস্য ও স্থানীয় নয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। এ বছর ১০ মে নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ২১ আসামিকে গ্রেপ্তার এবং ৭ জুলাইয়ের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে সিংড়া থানার পুলিশকে নির্দেশ দেন। কিন্তু সিংড়া থানার পুলিশ আদালতের ওই নির্দেশ পায়নি দাবি করে আদালতের কোনো নির্দেশই পালন করেনি। এ নিয়ে গতকাল প্রথম আলোতে ‘দুই মাসেও ১২ পুলিশসহ ২১ আসামি গ্রেপ্তার হয়নি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।প্রতিবেদন প্রকাশের পর ১১ পুলিশ গতকাল জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন।বাদীপক্ষের আইনজীবী জহির আজাদ প্রথম আলোকে বলেন, ‘আসামিদের জেলহাজতে পাঠানোয় আদালতের সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট। এটা ন্যায়সঙ্গত হয়েছে। আইনের ক্ষেত্রে যে সবাই সমান, আদালতের আদেশে তা আবারও প্রমাণিত হয়েছে।’ আসামিপক্ষের আইনজীবী লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিচার বিভাগীয় তদন্তে আমার মক্কেলদের বিরুদ্ধে অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়নি। এই দৃষ্টিতে জামিন পাওয়ার আশা করেছিলাম। আমরা আবারও জামিনের আবেদন করব।’