নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় বনপাড়া-হাটিকুমরুল সড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে সাতজন। ঘন কুয়াশার কারণে আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।নিহত ব্যক্তিরা হলেন—মাইক্রোবাসের চালক মিলন হোসেন (৩০), যাত্রী আফতাব হোসেন (১১), নাছিমা বেগম সেবা (৩৫), রওশনারা বেগম (৪০) ও সুফিয়া বেগম (৪০)।বনপাড়া হাইওয়ে থানার পুলিশ জানায়, সকাল সাড়ে সাতটায় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা আল্ট্রা মডার্ন নামের একটি যাত্রীবাহী বাস ও পুঠিয়া থেকে টাঙ্গাইলগামী একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিলন হোসেন, আফতাব হোসেন, নাছিমা বেগম সেবা ও রওশনারা বেগম নিহত হয়। গুরুতর আহত সুফিয়া বেগম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। দুর্ঘটনায় আহত হয় মাইক্রোবাসের যাত্রী চাঁদনী (১৪), পথিক (১১), শহিদুল (৫৫) ও টুনটুনি বেগম (৪০)। মাইক্রোবাসের আহত ব্যক্তিরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তাঁরা একটি বিয়ে উপলক্ষে টাঈাইল যাচ্ছিল। যাত্রীবাহী বাসটি সড়কের পাশে পড়ে গেলে তাঁরা আহত হয়। আহতদের বনপাড়ার আমেনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অন্য আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নাটোরের বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে তিনি জানান।