নাটোরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কাচুটিয়া খেজুরতলা এলাকায় ট্রাকের চাপায় দুজন নিহত ও একজন আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন গুরুদাসপুর উপজেলার বাকিবেকপুর গ্রামের সানোয়ার হোসেন (৩৮) এবং একই উপজেলার ধানুড়া গ্রামের আশরাফুল ইসলাম (৪৮)। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন-ই ইসলাম জানান, বেলা ১১টার দিকে ঢাকা-নাটোর মহাসড়কের ওই এলাকায় বনলতা অটোব্রিকস ফিল্ডের সামনে রাজশাহীগামী একটি ট্রাক বিপরীত দিক আসা একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক সানোয়ার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় ভ্যানের এক যাত্রী আশরাফুলকে স্থানীয় আমিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আর ভ্যানের অপর যাত্রী বড়াইগ্রাম উপজেলার কৈডিমা গ্রামের মইনউদ্দিনকে (৪২) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে।