নাটোরে হরতালে সংঘর্ষে আহত ৫
নাটোরের সিংড়ায় আজ বৃহস্পতিবার বিএনপি-জামায়াতের সমর্থকদের সঙ্গে যুবলীগের কর্মীদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। উপজেলার শেরকোল নামক স্থানে এ ঘটনা ঘটে। এদিকে নাটোরের কয়েকটি এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছে পিকেটাররা।পুলিশ জানায়, আহত সবাই বিএনপির কর্মী। এঁরা হলেন: রেজাউল করিম, সবুজ মাহমুদ, রফিকুল ইসলাম, টিপু সুলতান ও আবদুল কুদ্দুস। তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।নাটোরের ফুলবাগান, হয়রতপুর, কাফুরিয়া ও বড়াইগ্রামের আহম্মদপুরে মোট পাঁচটি ট্রাক ও সিএনজিচালিত একটি অটোরিকশা ভাঙচুর করে পিকেটাররা।এদিকে, গতকাল রাতে শহরের ফুলবাগান এলাকা থেকে বিএনপির তিনজন কর্মীকে আটক করেছে পুলিশ।