নাটোরে ১১ আসামির জামিন কেন বাতিল হবে না, রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর ওরফে বাবু হত্যা মামলায় জামিনে মুক্ত ১১ আসামির জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।আজ রোববার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। আদালত ২৮ মার্চ এ রুলের ওপর শুনানির দিন ধার্য করেছেন।একই সঙ্গে আদালত বাদীদের ভয়ভীতি দেখানো-সংক্রান্ত ঘটনা তদন্ত করে দুই সপ্তাহের মধ্যে হলফনামা আকারে প্রতিবেদন দাখিল করতে নাটোরের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।গত ১১ মার্চ প্রথম আলোতে ‘সানাউল্লাহ হত্যাকাণ্ড, ১১ আসামি জামিনে মুক্ত, সংবর্ধনা, হুমকি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে এলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।১০ মার্চ ওই ১১ আসামির সবাই নাটোর কারাগার থেকে জামিনে মুক্তি পান। মুক্তির পরপরই ওই দিন সন্ধ্যায় তাঁদের সংবর্ধনা দেয় স্থানীয় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ।এ সময় আসামিরা হুমকি দেন, সানাউল্লাহ হত্যার সঙ্গে তাঁদের জড়িত থাকার ব্যাপারে সাত দিনের মধ্যে বড়াইগ্রামের বনপাড়া বাজারের ব্যবসায়ীদের প্রমাণ দিতে হবে। নইলে তাঁদের বিচার করা হবে।এ ঘটনায় সানাউল্লাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মামলার বাদী নিহত সানাউল্লাহর স্ত্রী মহুয়া নূর, সাক্ষী ও বিএনপির নেতা-কর্মীরা।জানা যায়, ৬ মার্চ হাইকোর্টের এই একই বেঞ্চ ওই ১১ আসামির ছয় মাসের জামিন মঞ্জুর করেন।আসামিরা হলেন ছাত্রলীগের কর্মী রাসেল ওরফে রাপ্পু, বাদশা মণ্ডল, আশরাফুল ইসলাম, লুত্ফর রহমান, রেজাউল করিম, হাশেম মৃধা, গৌতম ঘোষ, আবদুল খালেক, মো. হাবিব, বাবলু মোল্লা ও বাবু মোল্লা।গত ৮ অক্টোবর বড়াইগ্রামের বনপাড়া বাজারে সন্ত্রাসীরা প্রকাশ্যে সানাউল্লাহকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহতের স্ত্রী মহুয়া নূর ২৭ জনের নামসহ ৪৭ জনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা করেন। পরে ২৮ অক্টোবর তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজির কাছে নাম উল্লেখ করে আরও ২৮ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগ দাখিল করেন। মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আহম্মদ আলী তদন্ত করছেন।