নাটোরের বড়াই-গ্রাম উপজেলা পরিষদের চেয়ার-ম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যা মামলার কারাবন্দী ১৫ আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে গতকাল বুধবার দুপুরে নাটোরের দায়রা জজ আদালত ওই আসামিদের জামিনের আবেদন নাকচ করেন।আদালত সূত্র জানায়, গতকাল দুপুরে দায়রা জজ আদালতে সানাউল্লাহ নূর হত্যা মামলার কারাবন্দী আসামি বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মোল্লা, অধ্যক্ষ আবদুর রাজ্জাক ও ছাত্রলীগের সাবেক নেতা মোয়াজ্জেম হোসেনের পক্ষে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেন আইনজীবী সাজেদুর রহমান খান। তিনি আদালতে বলেন, আসামিরা সমাজের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বে রয়েছেন। তাঁরা হাইকোর্ট থেকে জামিনেও ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে নিম্ন আদালত তাঁদের হাজতে নিয়েছেন।বাদীপক্ষে সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম আসামিদের জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক জাহেদুল ইসলাম জামিনের আবেদন নামঞ্জুর করেন।একই সময় ওই মামলার আসামি রাপ্পু, বাদশা, আশরাফুল, লুৎফর, রেজাউল, হাসেম মৃধা, গৌতম, মালেক, হাবিব, বাবলু ও বাবু মোল্লার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করা হয়। আসামিদের নিযুক্ত আইনজীবী আরিফুর রহমান আদালতকে জানান, আসামিরা হাইকোর্ট থেকে ছয় মাসের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সময় বাড়ানোর জন্য উচ্চ আদালতে পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারপক্ষে এই আবেদনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে বলেন, যেহেতু আসামিদের জামিনের প্রক্রিয়া হাইকোর্টে চলমান, তাই তাঁদের জামিনের বিষয় বিবেচনা করার কোনো সুযোগ নেই।আদালত উভয় আবেদনের ওপর পূর্ণাঙ্গ শুনানির জন্য নিম্ন আদালতের নথি তলব করেন এবং ডিসেম্বর মাসে অবকাশকালীন আদালতের দ্বিতীয় বৈঠকে শুনানির দিন ধার্য করেন।নাটোরের দায়রা জজ আদালতের পিপি সিরাজুল ইসলাম বলেন, নিম্ন আদালতের কাছে নথি চাওয়া হয়েছে। নথি এলে পূর্ণাঙ্গ শুনানি হবে।গত বছরের ৮ অক্টোবর সকালে বনপাড়া বাজারে দুর্বৃত্তরা সানাউল্লাহ নূরকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় তাঁর স্ত্রী মহুয়া নূর বাদী হয়ে কে এম জাকির হোসেনসহ ২৮ জনের বিরুদ্ধ মামলা করেন। আসামিরা হাইকোর্ট থেকে বিভিন্ন মেয়াদে অস্থায়ী জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে গত রোববার তাঁরা বড়াইগ্রাম আমলি আদালতে হাজির হয়ে সময়ের আবেদন করেন। আদালত সময় নামঞ্জুর করে সব আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।