নাটোরে বিএনপির মিছিলে হামলা ও উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূরকে হত্যার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য তদন্ত-প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে বলে আশঙ্কা করছে বিএনপি। গতকাল বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা বলেন বিএনপির মহাসচিব। গত মঙ্গলবার গণভবনে এক দলীয় কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাটোরে বিএনপির নেতা সানাউল্লাহ নূরের হত্যাকাণ্ড সম্পর্কে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছিলেন, ‘নাটোরের ঘটনা যে তাদের অভ্যন্তরীণ না, সেটা তিনি কীভাবে প্রমাণ করবেন?’এই বক্তব্যের সমালোচনা করে গতকাল সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, ‘এমন বক্তব্যের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী খুনিদের সুরক্ষা করলেন। এখন পুলিশ অন্তর্দ্বন্দ্বের তদন্ত করবে, নাকি হত্যাকারী ধরবে? এ কথা বলে তিনি ওই ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের সাজা দেওয়ার পথ রুদ্ধ করে দিলেন।’ তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্যের পরপরই নাটোরের বড়াইগ্রামে সানাউল্লাহর খুনিরা বীরদর্পে মিছিল করছে। বিএনপির আশঙ্কা, সেখানে এমন ঘটনা আরও ঘটতে পারে।খোন্দকার দেলোয়ার বলেন, ‘প্রধানমন্ত্রী আইনজীবী হলে খুব বুদ্ধিমতি আইনজীবী হতেন। তিনি মানুষকে বিভ্রান্ত করতে, নিজের দায় অন্যের ঘাড়ে চাপানো জন্যই এ কথা বলেছেন। কারা খুন করেছে, এটার ভিডিওচিত্র পাওয়া গেল, পত্রিকায় খুনিদের ছবি এল, তার পরও মামলাটি শেষ করে দেওয়ার জন্য তিনি এ কথা বলেছেন।’কুমিল্লায় অস্ত্রধারীরা যুবদলের নয়!: কুমিল্লায় যুবদলের সম্মেলনে অস্ত্র উঁচিয়ে, মুখোশ পরে যারা প্রতিপক্ষের প্রতি গুলি করেছিল, তারা যুবদল বা বিএনপির কেউ নয় বলে দাবি করেছে বিএনপি। এ বিষয়ে গতকাল সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব বলেন, ‘এই ঘটনায় যাদের ছবি পত্রিকায় এসেছে, তাদের একজনও বিএনপির নেতা-কর্মী নয়। অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকলে তো মুখোশ পরার দরকার পরে না। কোন্দল আছে, এটা প্রমাণের জন্য মুখোশ পরা বন্দুকধারীদের ঢুকিয়ে দিয়ে সম্মেলন পণ্ড করতে চেয়েছিল। এটা সরকারের অভিনব কৌশল।’ সিরাজগঞ্জের ঘটনা পূর্বপরিকল্পিত: সংবাদ সম্মেলনে গত সোমবার সিরাজগঞ্জে খালেদা জিয়ার জনসভার কাছে ট্রেনে কাটা পড়ে ছয়জনের প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করে বিএনপি। প্রধানমন্ত্রী বলেছিলেন, ইস্যু তৈরি করার জন্য বিরোধীদলীয় নেতা লাশের রাজনীতিতে নেমেছেন। যমুনা রিসোর্টে অবস্থান করে তিনি লাশের অপেক্ষায় ছিলেন।প্রধানমন্ত্রীর এই বক্তব্য নাকচ করে বিএনপির মহাসচিব বলেন, লাশের রাজনীতি আওয়ামী লীগই করেছে। বর্তমানে আওয়ামী লীগের দোসর এরশাদ ট্রাকচাপা দিয়ে মানুষ হত্যা করেছিল। এবার আওয়ামী লীগ ট্রেনচাপা দিয়ে নিরীহ প্রাণ কেড়ে নিয়েছে।সিরাজগঞ্জের ঘটনাটিকে পূর্বপরিকল্পিত বলে দাবি করে খোন্দকার দেলোয়ার বলেন, ট্রেনটা যখন সেখানে (দুর্ঘটনাস্থল) পৌঁছানোর কথা, তার ঘণ্টা খানেক পর পৌঁছায়। এটা কেন হলো, তার কোনো জবাব পাওয়া যায়নি। তাঁর দাবি, এক ঘণ্টা আগে যদি ট্রেনটি আসত, তাহলে এ ঘটনা ঘটত না। কারণ মানুষ জানত, ওই সময় সেখানে ট্রেন আসার কথা নয়। তিনি বলেন, ‘ট্রেনটা যখন এসেছিল, সামনে মানুষ দেখে গতিও তো কমিয়ে দিতে পারত। কিন্তু সেটি চলছিল খুব দ্রুত। তাদের তো যাওয়া উঁচিত ছিল খুব ধীরে।’বিএনপির মহাসচিব প্রশ্ন তুলেছেন, দুর্ঘটনাটি ঘটার পর ট্রেনটি ওখানে থামল কেন। তিনি বলেন, ‘দুর্ঘটনা ঘটলে মানুষ কী করে? সে পালিয়ে যায়। এটাই মানুষের স্বাভাবিক প্রবণতা। অথচ সেদিন এতগুলো মানুষ মারা যাওয়ার পরও ট্রেনটি থামিয়ে দেওয়া হলো। উত্তেজিত জনতা তখন তাতে আগুন দিয়ে দিল। বিক্ষুব্ধ জনতা কী করবে, তা তো জানা নেই।’ অবশ্য ট্রেনে আগুন ও লুটপাটের ঘটনা বিক্ষুব্ধ জনতা করেছে নাকি সরকার নিজেই করেছে, এ নিয়েও সন্দেহ প্রকাশ করেন বিএনপির মহাসচিব।খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী ‘অশান্তি বেগম’ বলায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা যদি এখন আপনাকে আরেকটি নাম ধরে ডাকি তাহলে আপনার সম্মান কতটুকু থাকবে।’ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগ দেননি বিএনপির মহাসচিব। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, নাটোর জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার, সিরাজগঞ্জ বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।শোক মিছিল: এদিকে সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহতদের স্মরণে গতকাল বিকেল পাঁচটায় মুক্তাঙ্গন থেকে শোক মিছিল বের করে বিএনপি। মিছিলটি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। আজ বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শোকসভা করবে বিএনপি।