নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান নিহত, আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে বিএনপির মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নূরু নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৪০ জন বিএনপির নেতা-কর্মী। এ ঘটনার ছবি তুলতে গেলে কয়েকজন সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় এবং তাঁদের পিটিয়ে আহত করা হয়। আজ শুক্রবার দুপুরে নাটোরের বনপাড়ায় বাজারে এ ঘটনা ঘটে।বড়াইগ্রাম থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাসব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বনপাড়া পৌর বিএনপি আজ সকালে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভার আয়োজন করে। সাবেক ভূমি উপমন্ত্রী ও নাটোর জেলা বিএনপির সভাপতি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। ঢাকা থেকে রওনা দিয়ে দুলু বনপাড়ায় এসেছেন, এমন খবর এলে নেতা-কর্মীরা দুলুর আগমন উপলক্ষে মিছিল বের করে। মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বনপাড়া বাজারে এলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলে হামলা চালায়। ঘটনায় আহত বিএনপির কর্মী জামালউদ্দিন আলী হোসেন অভিযোগ করেন, হামলায় জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেন, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবলীগের কর্মী রাকিব, জামিল ও বাবলুর নেতৃত্বে লাঠিসোটাসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে আক্রমণ করে। হামলাকারীরা বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নূরুকে কুপিয়ে ও লাঠিপেটা করে নাটোর-পাবনা মহাসড়কে ফেলে রাখে। নূরুকে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীদের আঘাতে বিএনপির কর্মী জামালউদ্দিন আলী হোসেন, উপজেলা যুবদলের সভাপতি রফিক সরদার, নাজিম উদ্দিন, আবদুল আলিম, মোজাম্মেল হকসহ অন্তত ৪০ জন আহত হয়।গুরুতর আহত নূরুকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার দ্রুত অবনতি হওয়ায় পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বেলা আড়াইটার দিকে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় নাটোর থেকে আসা কয়েকজন সাংবাদিক ঘটনার ছবি তুলতে গেলে হামলাকারীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। হামলায় ডেসটিনি ও বাংলার চোখের নাটোর জেলা প্রতিনিধি শেখ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ প্রতিদিনের নাটোর জেলা প্রতিনিধি নাসিম উদ্দিন, এটিএন বাংলার ক্যামেরাম্যান রানা আহম্মেদ ও দিগন্ত টেলিভিশনের ক্যামেরাম্যান লিমন হোসেন গুরুতর আহত হন। হামলায় শেখ তোফাজ্জল হোসেনের ডান পা ভেঙে গেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নাসিম উদ্দিন ও রানা আহম্মেদের মাথা ফেটে যায়। আহত চার সাংবাদিকসহ অন্যদের নাটোর সদর হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ সময় দুটি টিভি ক্যামেরা ভাঙচুর ও তিনটি ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেন ঘটনার সঙ্গে জড়িত নন বলে প্রথম আলোর কাছে দাবি করেছেন।সংঘর্ষের সময় ঢাকা-রাজশাহী ও নাটোর-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বনপাড়া বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।এ ঘটনার প্রতিবাদে বিকেলে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঘটনার জন্য সরাসরি আওয়ামী লীগকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘কোনো কারণ ছাড়াই আজকের এ হামলা ও সাংবাদিকদের নির্যাতন বর্তমান সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়। অবিলম্বে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।’ বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নূরুর হত্যার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বনপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।