নাট্য উৎসবে ‘জলকন্যা’
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর আয়োজনে চট্টগ্রামে শুরু হওয়া পাঁচ দিনের ‘নাট্য উৎসব’ চলছে। গতকাল রোববার সন্ধ্যায় নগরের শিল্পকলা একাডেমীতে দ্বিতীয় দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব শিশির দত্ত। একাডেমী মিলনায়তনে অরিন্দম নাট্য সম্প্রদায়ের জলকন্যা নাটক মঞ্চস্থ হয়। এর আগে গত শনিবার নগরের থিয়েটার ইনস্টিটিউটে নাট্য উৎসবের উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। শিল্পকলা একাডেমী ও থিয়েটার ইনস্টিটিউটে একযোগে এই নাট্য উৎসব চলবে ৪ এপ্রিল পর্যন্ত।গতকালের অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব শিশির দত্ত বলেন, ‘চট্টগ্রামের নাটকের ঐতিহ্য ও স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। স্বাধীনতাসংগ্রাম, মৌলবাদবিরোধী ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে জনগণকে উদ্বুদ্ধ করেছে চট্টগ্রামের নাটক। ডেইলি স্টার-এর এই আয়োজন চট্টগ্রামের নাটকের প্রতি সম্মাননা।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডেইলি স্টার-এর চট্টগ্রাম ব্যুরো চিফ রইসুল হক বলেন, চট্টগ্রামের সম্ভাবনাগুলোকে আবারও বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এই উৎসবের আয়োজন। চট্টগ্রামের নাট্যচর্চার বিষয়ে তিনি বলেন, ‘একসময় চট্টগ্রামে নাটকের প্রচুর দর্শক ছিল। এখন কমে গেছে। তার পরও নাটক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে।’ উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শঙ্কর দে, প্রিয়াঙ্কা দাশ, পুষন দে। কবিতা আবৃত্তি করেন ইন্দিরা চৌধুরী ও কঙ্কণ দাশ। শুভ্রা সেনগুপ্তের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্সের শিল্পীরা। উদ্বোধন শেষে অরিন্দম নাট্য সম্প্রদায়ের জলকন্যা নাটকটি মিলনায়তনভর্তি দর্শক উপভোগ করে। একই মঞ্চে আজ সোমবার উত্তরাধিকার-এর মৃত্যু পাখী, আগামীকাল ৩ এপ্রিল তির্যক নাট্যগোষ্ঠীর নননপুরের মেলায় একজন কমলা সুন্দরী ও একটি বাঘ আসছে এবং ৪ এপ্রিল গনায়ন নাট্য সম্প্রদায়ের নাটক মুক্তধারা মঞ্চায়িত হবে। পাশাপাশি থিয়েটার ইনস্টিটিউটে আজ লোক থিয়েটারের একটি অবাস্তব গল্প, কাল ৩ এপ্রিল মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়ের বিয়ে এবং ৪ এপ্রিল কত্থক নাট্য সম্প্রদায়ের অতি সাধারণ চিকিৎসক মঞ্চস্থ হবে। প্রতিদিন এসব নাটক মঞ্চস্থ হবে সন্ধ্যা সাতটায়।