নাট্যকার আতিকুল হক চৌধুরী গুরুতর অসুস্থ
খ্যাতিমান নাট্যকার আতিকুল হক চৌধুরী গুরুতর অসুস্থ। দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় আতিকুল হক চৌধুরীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য তাঁর স্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলতে চাইলে অসুস্থতা সত্ত্বেও খ্যাতিমান এই নাট্যকার নিজের কিছু কথা জানাতে চান। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমি আজীবন তরুণদের প্রশংসা করেছি। এখনো আমি এই দেশের তরুণদের প্রশংসা করতে চাই। তরুণদের নিয়ে যে যা-ই বলুক, আমি জানি বাংলাদেশের সব সম্ভাবনা তরুণদের মধ্যেই। তারাই পারে বাংলাদেশকে উন্নতির সর্বশিখরে পৌঁছাতে।’১৯৩১ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন আতিকুল হক চৌধুরী। ১৯৬০ সালে রেডিও পাকিস্তানে যোগ দেওয়ার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। ১৯৬৬ সালে যোগ দেন বাংলাদেশ টেলিভিশনে। বিটিভিতে কর্মরত অবস্থায় দেশবাসীকে অসংখ্য সেরা নাটক উপহার দেন তিনি। সর্বশেষ তিনি বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক ছিলেন। এরপর তিনি বেসরকারি একুশে টেলিভিশনের উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগেও তিনি ১১ বছর শিক্ষকতা করেছেন। বাংলা একাডেমী পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বিটিভির সেরা প্রযোজকসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, আতিকুল হক প্রোস্টেট ক্যানসার, ডায়বেটিসসহ বার্ধক্যজনিত জটিল রোগে আক্রান্ত। সর্বশেষ তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। তবে চিকিত্সকরা জানিয়েছেন, এ মুহূর্তে তাঁকে আর কোনো চিকিত্সা দেওয়া সম্ভব নয়। এরপর তাঁকে বাসায় নিয়ে আসা হয়। ‘দুরবিন দিয়ে দেখুন’, ‘নীলনকশার সন্ধানে’, ‘সুখের উপমা’, ‘বাবার কলম কোথায়’সহ অসংখ্য সৃষ্টিশীল নাটকের জন্ম দিয়েছেন তিনি। আতিকুল হক চৌধুরীর এক ছেলে ও এক মেয়ে। তাঁর স্ত্রী জোহরা বেগমসহ পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে এই নাট্যকারের জন্য দোয়া চেয়েছেন।