নাট্যজনের উৎসবে আজ অভিজিৎ বসুর গান
স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে নাট্যজন আয়োজন করেছে সপ্তাহব্যাপী নাট্যোৎসব। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আজ গান করবেন ভারতের পশ্চিমবঙ্গের লোকগানের শিল্পী অভিজিৎ বসু। উৎসব উদ্যাপন পর্ষদের আহ্বায়ক ও নাট্যজনের প্রধান তবিবুল ইসলাম বলেন, ‘উৎসবের আকর্ষণ বাড়াতেই আমরা অভিজিৎ বসুকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি রাজি হয়েছেন। পশ্চিমবঙ্গে আদিবাসী সুরের গান গেয়ে তিনি লোকগানের শ্রোতাদের মাঝে যথেষ্ট জনপ্রিয়। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি গান করবেন। এরপর হবে মামুনুর রশীদের একক অভিনয়ের নাটক দি ডিসট্যান্ট নিয়ার।’উদ্যাপন পর্ষদের সদস্যসচিব উত্তম গুহ জানান, উৎসবের স্লোগান ‘বহে নিরন্তর অনন্ত আনন্দধারা’। উৎসবের নাটকগুলো মঞ্চস্থ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হল ও পরীক্ষণ থিয়েটার হলে। উৎসবে থাকছে কলকাতার লোককৃষ্টির নাটক তিন নম্বর চোখ ও ইহাই সত্য, থিয়েটারের বারামখানা, প্রাচ্যনাটের রাজা, সময়ের শেষ সংলাপ, প্রাঙ্গণেমোরের শেষের কবিতা, লোকনাট্য দলের লীলাবতী আখ্যান এবং নাট্যজনের ভুবনের ঘাটে।