নাট্যমঞ্চে গান্ধী ও রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দুই কিংবদন্তি মহাত্মা গান্ধী ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের স্বাধীনতা আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন গান্ধী। আর তাঁকে নানাভাবে উৎসাহ ও প্রেরণা জুগিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। দীর্ঘ প্রায় ২৫ বছরে ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে দুজনের মধ্যে বিভিন্ন সময়ে হয়েছে নানা আলোচনা, আদান-প্রদান হয়েছে চিঠি, বিভিন্ন রচনা। দুজনের মধ্যে এই ভাবের আদান-প্রদান করে লেখা চিঠি অবলম্বনে মঞ্চনাটক দ্য বাপু অ্যান্ড দ্য পয়েট ঢাকায় জাতীয় নাট্যশালায় গতকাল শুক্রবার মঞ্চস্থ করল ভারতের নাট্যদল বেঙ্গালুরুর লিটল থিয়েটার। ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এই মঞ্চায়নের আয়োজন করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের কণ্ঠে গাওয়া ভারতের জাতীয় সংগীত, ‘জনগণ মনো অধিনায়ক জয় হে’ গানটি বাজানোর মধ্য দিয়ে শুরু হয় নাটকের মঞ্চায়ন। নাটকে দুজনের বিভিন্ন চিঠির ঐতিহাসিক ভিত্তি ঠিক করে কিছু কাল্পনিক সংলাপ যুক্ত করা হয়েছে। গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন আনশুল পাঠাক। আর রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করেছেন শাশাঙ্ক পুরুষোত্তম। আর তাঁদের দুজনের মধ্যে কথোপকথনের প্রেক্ষাপট বর্ণনা করেন মাধু স্মৃতি শুক্লা। এর আগে অনুষ্ঠানের শুরুতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য, গান্ধী আশ্রমের সচিব শ্রীমতী ঝর্ণাধারা বক্তব্য দেন।