নাট্যশালায় শেষের কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও/ তারি রথ নিত্যই উধাও/ জাগাইছে অন্তরীক্ষে হূদয়স্পন্দন/ চক্রে-পিষ্ট আঁধারের বক্ষফাটা তারার ক্রন্দন’—প্রেমিক অমিতের কাছে শেষ চিঠিতে এই পঙিক্তমালা লিখেছিল লাবণ্য। ‘বিদায়’ শিরোনামের এই চিঠি দিয়েই কবিগুরু সমাপ্তি টেনেছিলেন কালজয়ী উপন্যাস শেষের কবিতার। গতকাল সোমবার ঢাকার দর্শক শেষের কবিতা উপভোগ করলেন নাট্যাভিনয়ের মধ্য দিয়ে। এটি নাটকের দল প্রাঙ্গণেমোর-এর ষষ্ঠ প্রযোজনা। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হলো নাটকটি। এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা, নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। শিলং পাহাড়ের পথে বিপরীতমুখী দুটি গাড়ির পরস্পর আকস্মিক দুর্ঘটনায় পরিচয় হয় বিলেতফেরত ব্যারিস্টার অমিত রায় ও লাবণ্যর। নির্জন পাহাড়ের সবুজ অরণ্যঘেরা দুর্লভ অবসরে দুজন দুজনকে দেখে মুগ্ধ হয়। যার পরিণতি দাঁড়ায় প্রণয়ে। লাবণ্য ভেবেছিল, বই পড়বে আর পাস করবে, এভাবেই কাটবে জীবন। হঠাৎ দেখতে পেল সে ভালোও বাসতে পারে। অন্যদিকে অমিত রুচির তৃষ্ণা মিটিয়ে কত সুন্দরী মেয়েদের পাশ কাটিয়ে এসেছে এতকাল। এবার সে বন্দী হলো লাবণ্যর প্রেমে। শিলংয়ের পাহাড়ি পথে ঘুরে ঘুরে ওদের বেশ ভালোই কাটছে— গান গেয়ে, আবৃত্তি করে, পাখি দেখে। একসময় অমিত লাবণ্যকে বিয়ে করতে অস্থির হয়ে ওঠে। কিন্তু লাবণ্যর মন তাতে সায় দেয় না। লাবণ্য ও অমিতের মধ্যে শুরু হয় ব্যক্তিত্বের সংঘাত। একসময় লাবণ্যর পরামর্শে অমিত চেরাপুঞ্জি যায়। কদিন পর ফিরে এসে দেখে লাবণ্য চলে গেছে শিলং ছেড়ে। কোনো ঠিকানা রেখে যায়নি। একসময় শরীর-মনে একটা নিরুদ্যমের বোঝা বহন করে অমিত ফিরে যায় কলকাতায়। একদিন লাবণ্যর একটি চিঠি আসে অমিতের কাছে। সে চিঠিতে লেখা—ছয় মাস পর রামগড় পর্বতের শিখরে শোভনলালের সাথে লাবণ্যর বিয়ে। প্রথম যৌবনে শোভনলাল লাবণ্যকে ভালোবেসেছিল। কিন্তু লাবণ্যর অবজ্ঞা ও অপমানে শোভন দূরে চলে যায়। একসময় শোভনলালকে বরদান করবে বলেই লাবণ্য নিজের অগোচরে অপেক্ষা করে বসে ছিল, সেই শোভনলালই শেষ পর্যন্ত এল তার জীবনে।নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, রামিজ রাজু, আউয়াল রেজা, সরোয়ার আলম, মাইনুল তাওহীদ প্রমুখ।নড়াইলে এস এম সুলতান স্মরণনড়াইল প্রতিনিধি জানান, গতকাল সোমবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। শিল্পীর কবর জিয়ারত, কোরআনখানি এবং শিল্পীর প্রতিষ্ঠিত শিশুস্বর্গে আয়োজন করা হয় মিলাদ মাহফিল। এ ছাড়া ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা।শরীফ আতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল হক। বিকেলে এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের। কলকাতায় বাংলাদেশ বইমেলাকলকাতা প্রতিনিধি জানান, কাল ১২ অক্টোবর বুধবার থেকে কলকাতায় শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বাংলাদেশ বইমেলা। বিদেশের মাটিতে এই প্রথম বাংলাদেশের একক বইমেলা হচ্ছে কলকাতায়। মেলা বসবে কলকাতার সংস্কৃতির প্রাণকেন্দ্র নন্দন-এর পাশে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা মিলনায়তনে। এদিন সন্ধ্যায় বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মেলায় বাংলাদেশের ৩০টি প্রকাশনা সংস্থা যোগ দিচ্ছে তাদের প্রকাশিত বই নিয়ে। মেলার আয়োজন করেছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন যৌথভাবে। সহযোগিতা করেছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। গতকাল সোমবার বিকেলে কলকাতা উপহাইকমিশনে এক সংবাদ সম্মেলনে বইমেলার আয়োজনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান।