নাট্যশালায় ‘বৈকুণ্ঠের খাতা’
বৈকুণ্ঠ একজন লেখক। ছোট ভাই, বিধবা মেয়ে ও ভৃত্য ঈশেনকে নিয়ে তার দিন কাটে। বৈকুণ্ঠের লেখার বিষয়বস্তু মূলত সংগীত এবং প্রাচ্য-পাশ্চাত্যের সংগীতশাস্ত্রের উৎপত্তি ও ইতিহাস। কিন্তু সহজ-সরল ও উদার প্রকৃতির মানুষ বৈকুণ্ঠের লেখা শোনার ব্যাপারে পরিবারের অন্য সদস্যদের রয়েছে নিদারুণ অবহেলা।এই নিয়ে যখন এগিয়ে চলে নাটকের ঘটনাবলি, তখন একপর্যায়ে বৈকুণ্ঠের পরিবারে আবির্ভাব ঘটে ধূর্ত ও সুযোগসন্ধানী কেদারের। সে তোষামোদ করে বৈকুণ্ঠের লেখা শোনার ভান করে। তার মন জয় করার চেষ্টা করে। উদ্দেশ্য, নিজের অবিবাহিত শ্যালিকার সঙ্গে বৈকুণ্ঠের ছোট ভাই অবিনাশের বিয়ে দিয়ে ওই বাড়িতেই আত্মীয়-পরিজনবেষ্টিত হয়ে বসবাস করা। শেষ পর্যন্ত তাই ঘটে। এতে বৈকুণ্ঠের পরিবারে নেমে আসে নানা বিপর্যয়।চাটুকারিতা ও তোষামোদির মাধ্যমে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ও আকাঙ্ক্ষা চরিতার্থ করার যে প্রবণতা মানবসমাজে অনাদিকাল থেকে বিদ্যমান, তারই সরল রসাত্মক কাহিনি বর্ণনা করেছেন রবীন্দ্রনাথ তাঁর বৈকুণ্ঠের খাতা নাটকে। বলা বাহুল্য, এই নাটকের বিষয়বস্তু এই যুগেও প্রাসঙ্গিক।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে লোকনাট্য দল (বনানী) মঞ্চে এনেছে নাটকটি। গতকাল সোমবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত এই নাটকের তৃতীয় মঞ্চায়ন হলো। নাটকটির নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদুর রহমান, আবদুল্লাহ আল হারুন, খায়রুল আলম, আনোয়ার কায়সার, তৌহিদুল ইসলাম, বাসুদেব হালদার, সুধাংশু নাথ প্রমুখ।ঢাকা পদাতিকের নতুন নাটকশিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মঞ্চে গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা পদাতিকের পাইচো চোরের কিচ্ছা প্রদর্শিত হয়। খুলনা অঞ্চলের প্রচলিত একটি লোককাহিনিভিত্তিক এই নাটক। একটি সহজ গল্পকে লোক আঙ্গিকের আশ্রয়ে সরলভাবে উপস্থাপন করেছেন ঢাকা পদাতিকের সদস্যরা। নাটকের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন কাজী চপল।গতকাল প্রদর্শনীতে মিলনায়তন ছিল পরিপূর্ণ। সংলাপ ও আলো-ছায়ার খেলার পাশাপাশি দর্শক মুগ্ধ হয়েছে লোকরীতির গানে। বিজয় সরকার, আলেক মাতুব্বর, মোসলেম বয়াতিসহ খুলনা এলাকার অনেক লোককবির সুরের যে ভাবরস, তা এই নাটকে সঞ্চারিত হয়েছে মূল সুর হিসেবে।নাটকের বিভিন্ন চরিত্রে ছিলেন মাসুদ আহাম্মদ, শাওন রায় চৌধুরী, শাহনাজ বেগম, দেবাশীষ ফণী, লিটন চক্রবর্তী, আরিফ হোসেন, সোনিতা নাসরিন, কাজী সম্রাট, কাজী শিলা, কবির হোসেন প্রমুখ।