নাতনিকে পৃথিবীর আলো দেখালেন সিন্ডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগের কথা। যুক্তরাষ্ট্রের বাসিন্দা এমিলির গর্ভাশয়ে হঠাৎ করেই ক্যানসার ধরা পড়ে। শুরু হয় হাসপাতাল আর চিকিৎসকের কাছে দৌড়াদৌড়ি। একপর্যায়ে উদ্বিগ্ন এমিলি ও তাঁর স্বামী মাইককে জানানো হয়, এর চিকিৎসা একটাই—এমিলির জরায়ু কেটে বাদ দিতে হবে। আর ভাগ্যের কী পরিহাস, এই খবর শোনানোর সময়ই এমিলিকে জানানো হয়, তিনি মা হতে যাচ্ছেন! তাঁর জরায়ুতে নতুন এক জীবনের স্পন্দন। জীবনের সবচেয়ে কঠিন ও যন্ত্রণার সিদ্ধান্তটি নিতে হয় এমিলি ও তাঁর স্বামী মাইককে। জরায়ু কেটে ফেলার সিদ্ধান্ত নেন তাঁরা। কোলজুড়ে যে শিশুর আসার কথা ছিল, তাকে হারান এমিলি ও মাইক। একই সঙ্গে এমিলি হারান তাঁর মাতৃত্বের সম্ভাবনাও। তবে হাল ছাড়েননি এমিলি। এখন যুগটা প্রযুক্তির। বিজ্ঞান অনেক অসম্ভবকেই সম্ভব করে তুলছে। তাই চলতে থাকে খোঁজ, চিকিৎসকদের কাছে ছোটাছুটি—কীভাবে মাতৃত্বের স্বাদ পেতে পারেন এমিলি। একপর্যায়ে এমিলি জানতে পারেন, ডিম্বাণু থেকে সন্তানের জন্ম দেওয়া সম্ভব। তবে সেই সন্তান ধারণ করার জন্য দরকার একটি আশ্রয়ের। সেটি হতে পারে অন্য কোনো নারীর গর্ভ। আবার নতুন করে ভাবতে হয় এমিলি ও মাইককে। আর এ সময়ই তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এমিলির মা সিনডি রতজেল। এমিলির সন্তান ধারণ করার ক্ষমতা নেই, তবে সন্তান উৎপাদনের ক্ষমতা আছে। এ কথা জানতে পেরে একটুও ভয় না পেয়ে ৫৩ বছর বয়সী মা সিনডি রতজেল সানন্দে তাঁর গর্ভে আশ্রয় দিতে চান মেয়ের আত্মজাকে। প্রথমে ভয় পেয়েছিলেন এমিলি ও মাইক। কারণ, মায়ের বয়স একটু বেশিই। কিন্তু সিনডি রতজেল তাঁদের উৎসাহ দিতে থাকেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের ভিটরো প্রজননবিষয়ক কর্মসূচির পরিচালক ও চিকিৎসক হেলেন কিম এবার আশ্বস্ত করেন এমিলি ও মাইককে। তিনি জানান, বয়স বেশি হলেও সুস্বাস্থ্যের অধিকারী সিনডি অনায়াসেই গর্ভে ধারণ করতে পারবেন তাঁর নাতি বা নাতনিকে। চিকিৎসক হেলেন কিম কিছু মানসিক পর্যালোচনা ও হরমোনাল চিকিৎসা করেন এমিলি ও মাইকের। এমিলি ও মাইকের ডিম্বাণু ও শুক্রাণু থেকে নিষিক্ত ভ্রূণ সিনডি রতজেলের জরায়ুতে প্রবেশ করানো হয়। আর সেই ভ্রূণ পরম যত্নে নিজের মধ্যে লালন করতে থাকেন নানি সিনডি রতজেল। অনাগত নাতি বা নাতনিকে সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসার সবটুকু দায়িত্বই যে তাঁর ওপর। তাই নিজেকে ও মেয়ের অনাগত সন্তানকে সুস্থ রাখতে যা যা করা দরকার, সবই করেন সিনডি। যেমনটি তিনি করেছিলেন এমিলির জন্মের সময়। একে একে দিন পার হতে থাকে। এমিলি ও মাইকের স্বপ্নও যেন একটু একটু করে সত্যি হতে থাকে। এরপর আসে সেই বহু আকাঙ্ক্ষিত দিনটি। গত সপ্তাহের কথা। সেদিন ছিল এমিলির ৩২তম জন্মদিন। সেদিনই শিকাগো হাসপাতালে নানি সিনডি রতজেল সেরা উপহার দেন এমিলিকে। এমিলি ও মাইকের কন্যাসন্তান এলি সিনথিয়া জর্ডানকে জন্ম দেন তিনি। ‘ও দেখতে একেবারে তোমার মতো। একেবারে তোমার মতো।’ নতুন বাবা হওয়া মাইককে চিৎকার করে বলতে থাকেন মা এমিলি। নাতনিকে জন্ম দেওয়ার পর সুস্থ আছেন নানি সিনডি। আনন্দের জল তার চোখে। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সিনডি বলেন, ‘আমি এমিলি ও মাইককে সেরা উপহার দিয়েছি জানি। কিন্তু নিজে যেন এর চেয়েও অনেক বেশি কিছু পেয়ে গেলাম।’ টাইমস অব ইন্ডিয়া।