বিকেল পাঁচটার কিছু বেশি বাজে। ৭৭ সেন্ট্রাল রোডের লাল ইটের বাড়িটা খুঁজে পেতে বেগ পেতে হলো না। পরিচিত সেই খাদি পাঞ্জাবি পরেই অপেক্ষা করছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যার। চিরচেনা হাস্যোজ্জ্বল মুখেই স্বাগত জানালেন। ছোট বসার ঘরের চারদিকেই বই। কেবল তাকেই নয়, হাতেও একটা বই শোভা পাচ্ছে। দীর্ঘ সময় শিক্ষকতা পেশায় ছিলেন। এরপর লেখালেখি, পড়াশোনা আর বিশ্বসাহিত্য কেন্দ্রের কাজ, সব নিয়ে চরম ব্যস্ত একজন মানুষ তিনি। তবে এই খোলসের বাইরে তিনিও আলাদা একজন মানুষ, যাঁকে পারিবারিক পরিমণ্ডলে চেনা মুশকিল। বসার ঘরে পা রেখেই দেখলাম, তিনি একা নন, পাশে ছিল নাতি রঞ্জন। নবম শ্রেণীতে পড়ুয়া রঞ্জনের নানাভাইয়ের সঙ্গে নাকি খুব জমে। নানাভাই নিজের বই পড়ার ফাঁকে ফাঁকে নাতির পড়া দেখিয়ে দেন। এতেই সে ভারি খুশি। এরই মধ্যে যোগ দেয় বড় নাতনি মিত্রা। মিত্রা রঞ্জনের চেয়ে বড়। পড়ছে ঢাকা সিটি কলেজে এইচএসসিতে। তাই কলেজ-সুলভভাবেই কথা শুরু করে। ‘নানাভাইয়ের সঙ্গ আমরা খুব উপভোগ করি। আনন্দমুখর সময় কাটে নানাভাইয়ের সঙ্গে।’আর নানাভাই? উত্তরটা দিলেন আবু সায়ীদ স্যার নিজেই, ‘বাড়িতে মানুষ বলতে আমি আর আমার স্ত্রী। আমার দুই মেয়ে, তারা যে যার পরিবার ও কাজ নিয়ে ব্যস্ত। ব্যস্ততা আমারও কম নয়। লেখা, পড়াশোনা আর বিশ্বসাহিত্য কেন্দ্রের দায়িত্ব তো আছেই। তবে পাশের ফ্ল্যাটে বড় মেয়ে থাকায় ওর দুই সন্তান মিত্রা আর রঞ্জন আমাদের নিয়মিত সময় দেয়। বাড়িতে আমি থাকলেই ওরা আমার কাছে ছুটে আসে। ব্যস্ততার কারণে জীবন থেকে বন্ধুবান্ধব মুছে গেছে। তবে এখন আর খারাপ লাগে না। এখন নাতিরাই তো আমার বন্ধু। সন্তানদের মানুষ করতে গেলে কখনো নিজের কাজ, ইচ্ছা কিংবা উচ্চাকাঙ্ক্ষা ভর করে। তাই সন্তানদের পর্যাপ্ত সময় দিতে পারিনি। কিন্তু নাতি-নাতনিদের সঙ্গে এ ধরনের কোনো শর্ত নেই। তাই যতটুকু সময় কাটে, নির্ভেজাল অনুভূতিময় সময় কাটে। ওরা ওদের বন্ধুদের নিয়ে গল্প করে। পারিবারিক অনুষ্ঠান বলতে তেমন কিছুই নেই। সন্তানদের বিয়ের আচার-অনুষ্ঠানের পাঠ চুকেছে অনেক আগেই। এখন অনুষ্ঠান মানেই নাতিদের জন্মদিন। শত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি জন্মদিনের উৎসবমুখর সময়ে নাতিদের সঙ্গে কাটাতে।’ মিত্রা একটু জোর দিয়েই বলল, ‘আমাদের জন্মদিনের সব আয়োজন করে নানাভাই। শত ব্যস্ততার মধ্যে নানাভাইয়ের উপস্থিতি সবচেয়ে বেশি আনন্দ দেয়। আর নানার কাছ থেকে উপহার তো বাড়তি পাওনা। তবে নানাভাইয়ের জন্মদিনে আমরা উপহার দিই, আবার আয়োজনও করি ছোটরাই।’ রঞ্জন আর মিত্রার মতো নানার নেওটা না হলেও অন্য নাতি শঙ্খ আর দীপান্বিতা থাকে কিছুটা দূরে। যেকোনো উৎসবে ঠিকই হাজির হয়। আবু সায়ীদ স্যার বলেন, ‘জন্মদিনের বাইরে ধর্মীয় আচার-অনুষ্ঠান, যেমন—ঈদে সবাই একসঙ্গে হই। ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নিই। ছোটবেলার ঈদের মতো না হলেও দুই মেয়ে আর নাতি-নাতনিদের নিয়ে সময় কাটাতে চাই। তাই সকালে উঠেই সবাই একসঙ্গে হই। আমার বৃদ্ধ মায়ের সঙ্গে দেখা করতে যাই সবাই মিলে। এরপর ঢাকার খুব কাছাকাছি কোথাও ঘুরতে চলে যাই। ঈদের দিনের খাওয়া কিংবা ঘোরা যা-ই হয়, সব একসঙ্গে। ঈদ মানে খুশি আর আনন্দ, তাই এ আনন্দ সবাই মিলে ভাগ করে নিতে চেষ্টা করি।’