নানা অজুহাতে কার্যক্রম ব্যাহত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত ও বিএনপির হরতালসহ নানা কর্মসূচি, এমনকি ঢাকার রাস্তায় জামায়াত-শিবিরের সহিংসতার দিনও নিরাপত্তার অজুহাতে আসামিপক্ষের আইনজীবীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে অংশ নেন না। এ ছাড়া নানা বিষয়ে আসামিপক্ষের একের পর এক আবেদন, সাক্ষীদের অনুপস্থিতি ইত্যাদি কারণে ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোর স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। সর্বশেষ গত বুধবার মতিঝিল ও পল্টনে শিবিরের সহিংসতার ঘটনায় নিরাপত্তার অজুহাত তুলে গোলাম আযম ও মতিউর রহমান নিজামীর আইনজীবী মিজানুল ইসলাম ও কামারুজ্জামানের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী ট্রাইব্যুনালে যাননি। ফলে এই মামলাগুলোর শুনানি বন্ধ ছিল। রাষ্ট্রপক্ষ একে মামলার কার্যক্রম বাধাগ্রস্ত করার কৌশল বলে মনে করছেন।এর সঙ্গে যুক্ত হয়েছে স্কাইপ বিতর্ক এবং এর জের ধরে ট্রাইব্যুনাল-১ পুনর্গঠন, আসামিপক্ষের পুনর্বিচারের আবেদন এবং একই মামলায় দ্বিতীয়বার যুক্তি উপস্থাপনের মতো ঘটনা। ফলে অন্তত দুই মাস ট্রাইব্যুনাল-১-এর মামলাগুলো স্বাভাবিক গতিতে চলতে পারেনি। তবে ট্রাইব্যুনাল-১-এর দুই বছর পর শুরু হলেও ট্রাইব্যুনাল-২ ইতিমধ্যে দুটি মামলার রায় দিয়েছেন। গত ২১ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম রায়ে জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর দুই সপ্তাহ পর ৫ ফেব্রুয়ারি একই ট্রাইব্যুনাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ট্রাইব্যুনাল-১ এখনো কোনো রায় ঘোষণা করেননি, তবে যেকোনো দিন জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণা করা হতে পারে।দুটি মামলার রায় হওয়ার পর বর্তমানে দুই ট্রাইব্যুনালে আর সাতটি মামলার বিচার চলছে। এগুলোর কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট আইনজ্ঞরা বলছেন, ট্রাইব্যুনাল-১-এর চেয়ে ট্রাইব্যুনাল-২-এর মামলাগুলো এগিয়ে আছে। ট্রাইব্যুনাল-২-এর সব মামলাই এগিয়েছে প্রায় সমান তালে। গত বছরের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ গঠিত হলে ট্রাইব্যুনাল-১ থেকে চারটি মামলা এখানে স্থানান্তর করা হয়। ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম শুরু হয়েছিল ২০১০ সালের ২৫ মার্চ।ট্রাইব্যুনাল-১-এর ক্ষেত্রে আইনজীবীরা বলছেন, এখানে চারটি মামলা বিচারাধীন। এর মধ্যে সাঈদীর বিরুদ্ধে করা মামলাটি রায়ের অপেক্ষায় আছে। বাকি তিনটির মধ্যে গোলাম আযমের মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে গতকাল। ১৭ ফেব্রুয়ারি (রোববার) থেকে যুক্তি উপস্থাপন শুরু হবে। যুক্তিতর্ক শেষ হলে রায় ঘোষণা করা হবে। গত বছরের ১৩ মে তাঁর বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।২০১২ সালের ৪ এপ্রিল সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করার পর গত ১০ মাসে রাষ্ট্রপক্ষের ২০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ২৩টি। রাষ্ট্রপক্ষের সাক্ষীর পর আসামিপক্ষের সাক্ষ্য নেওয়া হবে। তারপর যুক্তিতর্ক শেষে রায়। তবে ট্রাইব্যুনাল-১-এ থাকা মামলার মধ্যে কম অগ্রগতি হয়েছে মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে করা মামলার। গত বছরের ২৮ মে তাঁর বিরুদ্ধে ১৬টি অভিযোগ গঠন করা হয়। গত নয় মাসে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের মাত্র দুজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। অভিযোগ গঠনের প্রায় তিন মাস পর প্রথম সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়, তারও প্রায় সাড়ে তিন মাস পর জবানবন্দি দেন দ্বিতীয় সাক্ষী। আবার গত দুই মাসেও দ্বিতীয় ওই সাক্ষীকে আসামিপক্ষের জেরা শেষ হয়নি। নিজামী ১০ ট্রাক অস্ত্র মামলায়ও একজন আসামি। এ জন্য মাসে ছয় দিন তাঁকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। তিনি চট্টগ্রামে থাকলে ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে মামলার কার্যক্রম চালানো যায় না।ট্রাইব্যুনাল-২: দুটি মামলার রায় ঘোষণার পর ট্রাইব্যুনাল-২-এ এখন বিচারাধীন মামলা আছে মাত্র তিনটি। এর মধ্যে কামারুজ্জামানের বিরুদ্ধে করা মামলার অগ্রগতি অন্য দুটির তুলনায় ভালো। রাষ্ট্রপক্ষের ১৮তম ও শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ চলছে এই মামলায়। এরপর আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং যুক্তিতর্ক শেষে রায় ঘোষণা করা হবে।আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে সাতটি অভিযোগের বিপরীতে রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। মুজাহিদ ২১ আগস্ট মামলারও আসামি। ওই মামলার শুনানির দিন তাঁর ট্রাইব্যুনালর মামলার শুনানি মুলতবি রাখা হয়। আবুদল আলীমের বিরুদ্ধে অভিযোগ ১৭টি, তাঁর বিরুদ্ধে এ পর্যন্ত ১০ জন সাক্ষ্য দিয়েছেন। এই মামলার অগ্রগতি তুলনামূলক কম। কামারুজ্জামানসহ এ তিনজনের বিরুদ্ধে ২০১২ সালের জুনে অভিযোগ গঠন করা হয়েছিল।পাঁচজনের বিরুদ্ধে তদন্ত: এ ছাড়া ট্রাইব্যুনাল-১-এর অধীনে আরও পাঁচজনের বিরুদ্ধে তদন্ত চলছে। এঁরা হলেন: জামায়াতের নায়েবে আমির আবদুস সুবহান, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেন ও পটুয়াখালীর রুস্তম আলী শিকদার। মোবারক হোসেনের বিরুদ্ধে ২৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে বলেছেন ট্রাইব্যুনাল-১। রাষ্ট্রপক্ষের অভিযোগ: রাষ্ট্রপক্ষের কয়েকজন কৌঁসুলি বলেন, বিএনপি বা জামায়াত যেদিন হরতাল ডাকে, সেদিন ‘অনিবার্য কারণ’ দেখিয়ে আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবীরা ট্রাইব্যুনালে যান না। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের অন্যতম আইনজীবী আবদুর রাজ্জাক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। তাঁরা নিজেরাই হরতাল ডাকেন, আবার রাস্তাঘাটের পরিস্থিতি খারাপের দোহাই দিয়ে ট্রাইব্যুনালে আসেন না। এতে মামলার কার্যক্রম ব্যাহত হয়। এ ছাড়া আসামিপক্ষের একের পর এক আবেদন, রাষ্ট্রপক্ষের সাক্ষীদের দীর্ঘ জেরা প্রভৃতি তাঁদের বিচার বিলম্বিত করার কৌশল।’ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘হরতাল বাংলাদেশে নতুন কিছু নয়। এখানে যখন যে দলই হরতাল ডাকুক না কেন, হাইকোর্টে বা জেলা আদালতগুলোতে কার্যক্রম চলে না, আইনজীবীরা যান না।’ গত বুধবার আইনজীবীদের না থাকার বিষয়ে তিনি বলেন, মসেদিন ট্রাইব্যুনালে আমরা সবাই গিয়েছি, শুধু দুজন আইনজীবী যেতে পারেননি, কারণ তাঁরা মতিঝিলে থাকেন।’ আসামিপক্ষের সাক্ষী আনতে না পারা ও এ জন্য মামলার কার্যক্রম মুলতবির প্রসঙ্গে আবদুর রাজ্জাক বলেন, ‘সাঈদীর বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষ অসংখ্যবার সাক্ষী হাজির করতে ব্যর্থ হয়েছে। ন্যায়বিচারের স্বার্থে মুলতবি চাওয়া হয়েছে, বিচারে বিলম্ব হয় এমন কোনো কাজ আমরা করছি না।’রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জানান, স্কাইপ বিতর্কের পর গত বছরের ১১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান পদত্যাগ করেন, ১৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এরপর আসামিপক্ষ একের পর এক আবেদন আনতে শুরু করে। এর মধ্যে ছিল মামলা পুনর্বিচার, রাষ্ট্রপক্ষের এক কৌঁসুলিকে অপসারণ, আইনমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ প্রভৃতি। এ ধরনের কমপক্ষে ২০টি আবেদন নিষ্পত্তি করতে ট্রাইব্যুনালের অনেক সময় ব্যয় হয়।গত বছরের ৬ ডিসেম্বর সাঈদীর বিরুদ্ধে মামলার যুক্তি উপস্থাপন শেষে রায়ের অপেক্ষায় ছিল। সে মামলাতেও দ্বিতীয় দফায় যুক্তি উপস্থাপন করা হয়। ২৯ জানুয়ারি পর্যন্ত এই যুক্তি উপস্থাপন চলে। ফলে এ সময় অন্য মামলাগুলোর শুনানি এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও তা হয়নি।