নানা আয়োজনে উদযাপিত হচ্ছে প্রতিষ্ঠার ৯০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল উত্সাহ-উদ্দীপনা ও নানা আয়োজনে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯০ বছর আজ শুক্রবার উদযাপিত হচ্ছে। এবারের মূল প্রতিপাদ্য ‘জাতীয় উন্নয়নে উচ্চশিক্ষা’। আজ সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা ও হলগুলোর পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় ও ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উড়ানো হয় নয়টি কবুতর।এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও সহ-উপাচার্য হারুন-অর-রশিদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মল থেকে টিএসসি চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে মূল প্রতিপাদ্যের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী। তিনি বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় করে দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য একটি পরিষদকে দীর্ঘদিন কাজ করে যেতে হবে। আলোচনা সভার উদ্বোধন করে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সম্প্রতি স্বামীর নির্যাতনের শিকার হয়ে দৃষ্টিশক্তি হারানো বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা রুমানা মনজুরের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘দেশে-বিদেশে অনেকেই বিশ্ববিদ্যালয়ের এ উদযাপন দেখতে পারবে, কিন্তু তিনি (রুমানা) আমাদের কাছাকাছি থেকেও তা দেখতে পারবেন না। পরিবারের সবচেয়ে কাছের লোকের নির্যাতনে তাঁর এমনটা হয়েছে। এসব ঘটনা প্রমাণ করে শিক্ষার মূল লক্ষ্য থেকে আমরা অনেক পিছিয়ে আছি।’ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সহ-উপাচার্য হারুন-অর-রশিদ ও কোষাধ্যক্ষ মীজানুর রহমান বক্তব্য দেন।এ ছাড়া বেলা দেড়টায় বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে গবেষণা ও আবিষ্কার-বিষয়ক প্রদর্শনী, বেলা আড়াইটায় টিএসসিতে বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের সংগঠনের আয়োজনে বিতর্ক অনুষ্ঠান এবং বেলা তিনটায় বিজ্ঞান-বিষয়ক অনুষ্ঠান হবে। বিকেল পৌনে চারটায় টিএসসি মিলনায়তনে গ্র্যান্ডমাস্টার্স র্যাপিড দাবা প্রতিযোগিতা, বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রীতি ফুটবল এবং বিকেল পাঁচটায় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।সংগীত বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিকেল পাঁচটায় টিএসসি মিলনায়তনে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা সাতটায় নাট্যকলা বিভাগের উদ্যোগে নাটক পরিবেশিত হবে। সন্ধ্যা সাতটায় মল চত্বরে ব্যান্ড সংগীত পরিবেশন করা হবে।এ ছাড়া টিএসসিতে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে রক্ষিত পাণ্ডুলিপি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।প্রসঙ্গত, ১৯২১ সালের এ দিনে প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়।