নানা আয়োজনে বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের পক্ষ থেকে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪১৭ বরণ করা হয়েছে। ‘এসো হে বৈশাখ, এসো এসো’, আবার কখনো ‘মঙ্গল দ্বীপ জ্বেলে’, ‘অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু’, ‘তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু’ ইত্যাদি গানের মাধ্যমে বরণ করা হয় নববর্ষকে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:মাদারীপুর: ভোর থেকে মাদারীপুর শহরের প্রধান বিনোদনকেন্দ্র লেকের পাড়ে জড়ো হয় হাজারো মানুষ। সকালে লেকের পাড় স্বাধীনতা অঙ্গনে জেলা শিল্পকলা একাডেমী, উদীচী মাদারীপুর জেলা শাখা, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, মাত্রা ও উদ্ভাসের পক্ষ থেকে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রেসক্লাব চত্বরে সুধীজন ও সাংবাদিকদের পক্ষ থেকে আয়োজন করা হয় পান্তাভোজের। পৌরমার্কেট এলাকার বটতলা ও লেকের পাড়ে আয়োজন করা হয় বৈশাখী মেলার। সম্মিলিতভাবে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।নড়াইল: ভোরে সুলতান মঞ্চ চত্বরে মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও প্রভাতী সংগীতের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ উদ্যাপন পর্ষদ আয়োজিত চার দিনব্যাপী বর্ষবরণ উৎসব। পরে মঙ্গল শোভাযাত্রা বের হয়। বিকেলে শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নবান্ন কার্যালয়ে আয়োজন করা হয় পিঠা উৎসব। লোহাগড়া উপজেলার ব্রাহ্মণডাঙ্গা এলাকায় বৈশাখী মেলায় ঘোড়দৌড়ের আয়োজন করা হয়। এ ছাড়া কালিয়ায় আয়োজন করা হয় এঁড়ে গরুর লড়াইসহ নৌকা বাইচের প্রতিযোগিতা। শহীদ মিনারের পাদদেশে সমবেত সংগীতের মধ্য দিয়ে শিল্পকলা একাডেমীর শিশুরা নববর্ষকে বরণ করে নেয়। পটুয়াখালী: জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাতটায় সার্কিট হাউস চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ আলাউদ্দিন শিশুপার্কে শেষ হয়। সেখানে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতায় শুরু হয় সপ্তাহব্যাপী বৈশাখী মেলা। এ ছাড়া পৌরসভা প্রাঙ্গণে দক্ষিণা খেলাঘর আসর বাংলা নববর্ষকে উদ্যাপন করতে নানা অনুষ্ঠানমালার আয়োজন করে। পটুয়াখালীর জেলা প্রশাসক মো. রিয়াজ আহমেদ মঙ্গলদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর সংগঠনের শিশুশিল্পীরা পরিবেশন করে বৈশাখী সংগীত ও গীতিনাট্য। গৌরনদী (বরিশাল): গৌরনদী শিশু একাডেমীর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে শেষ হয়। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু একাডেমীর অধ্যক্ষ বাবুল সোমের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মাহবুব খান। পরে শিশু একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়।