নানা আয়োজনে বসন্তবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণীদের পরনে বাসন্তী রঙের শাড়ি, খোঁপায় গাঁদা-গোলাপসহ বসন্তের ফুল। তরুণদের পরনে পাঞ্জাবি। হাতে হাতে ফুল। সবাই যেন মেতেছে উৎসবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বর, টিএসসি থেকে শুরু করে বইমেলা পর্যন্ত সর্বত্রই গতকাল সোমবার লেগেছিল বসন্তের ছোঁয়া।বসন্তকে বরণ করতে রাজধানীর বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠান থাকলেও প্রধান আকর্ষণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা। এখানেই বসেছিল জাতীয় বসন্ত উদ্যাপন পরিষদ আয়োজিত বসন্ত উৎসব। সকাল সাতটায় শুরু হয় উৎসব। বেহালার সুর-মূর্ছনা দিয়ে শুরু হয় প্রভাতি অনুষ্ঠান। চারপাশে স্নিগ্ধতার সুর ছড়িয়ে বাজালেন শিউলি ভট্টাচার্য। উৎসবে প্রতিবছরের মতো এবারও ছিল ফুলের মালা দিয়ে প্রীতিবন্ধনী বিনিময়। আদান-প্রদান করা হয় বসন্তের শুভেচ্ছা কার্ড। আর মন রাঙাতে ছিল গালে কিংবা কপালে লাল, নীল ও বেগুনি রং মেখে আবির উৎসবে শামিল হওয়ার আয়োজন।উৎসবের কথনপর্বে অংশ নেন বসন্ত উদ্যাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক কাজল দেবনাথ, শফিউদ্দিন আহমেদ ও সদস্যসচিব স্থপতি কাজী আরিফ। উৎসবে ঘোষণা পাঠ করেন যুগ্ম সচিব মানজারুল ইসলাম চৌধুরী।সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ‘আয় রে বসন্ত তোর কিরণমাখা পাখা তুলে’ গানের মধ্য দিয়ে দলীয় সংগীত শুরু হয়। প্রভাতি অনুষ্ঠানের এ পর্বে আরও দলীয় সংগীত পরিবেশন করে তালিম ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী মাহমুদ সেলিম, তিমির নন্দী, সালমা আকবর, তানভীর আলম, অনিমা রায় ও শফিউল আলম। তাঁরা গেয়ে শোনান ‘আহা কী আনন্দ আকাশে-বাতাসে’, ‘সাত সাগর তেরো নদীর পারে’, ‘ওরে ভাই, ফাগুন লেগেছে’, ‘আহা আজি এ বসন্তে’সহ অনেক গান। উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হয় বিকেল চারটায়। এ পর্বে দলীয় সংগীত পরিবেশন করে কেন্দ্রীয় খেলাঘর আসর, ধ্রুব শিশু-কিশোর সংগঠন, দৃষ্টি, বহ্নিশিখা, ক্রান্তি শিল্পীগোষ্ঠী, ওস্তাদ মোমতাজ আলী খান সংগীত একাডেমী, নিবেদন, বাঁশুরিয়া, রবিরাগ ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। দলীয় নৃত্য পরিবেশন করে দিব্য, রেওয়াজ পারফমিং আর্ট, নতুন কুঁড়ি শিক্ষালয়, ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র ও ধ্রুপদ কলা কেন্দ্র।#একই সময়ে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে অনুষ্ঠিত হয় উৎসবের তৃতীয় পর্ব। এখানে দলীয় সংগীত পরিবেশন করে রবিরশ্মি, পঞ্চভাস্বর, গীতিশতদল, সুরবিহার, বিশ্ববীণা ও ঋষিজ শিল্পীগোষ্ঠী। দলীয় নৃত্যে অংশ নেয় বাংলাদেশ ফাইন আর্টস একাডেমী (বাফা), শিল্পবাংলা, সুকন্যা, নৃত্যালোক, আচিক কালচারাল একাডেমি ও নৃত্যশ্রী।