নানা আয়োজনে শহীদনগর দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ এপ্রিল নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনার সাঁথিয়ায় শহীদনগর দিবস পালিত হয়েছে। পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে বেড়া, সাঁথিয়া, সুজানগর উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদের ব্যবস্থাপনায় শহীদনগরে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানমালায় মুক্তিযোদ্ধা ও জনতার ঢল নেমেছিল। সকাল সাতটায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশে শহীদনগরে নির্মিত ‘বীর বাঙালি’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির শুরু হয়। সকাল সাড়ে আটটায় সেখানেই অনুষ্ঠিত হয় শহীদ ও পরলোকগত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত। সকাল নয়টায় স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা। বিকেলে শহীদনগর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় মুক্তিযোদ্ধা-জনতার মহাসমাবেশ ও স্মৃতিচারণামূলক আলোচনা অনুষ্ঠান। পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাফর উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মোফাজ্জর হোসেন চৌধুরী, মুকুল চৌধুরী, ফয়েজ উদ্দিন মিয়া, আমজাদ হোসেন, নিজাম উদ্দিন, মকবুল হোসেন, আহমেদ ফিরোজ কবির প্রমুখ। আলোচনা শেষে সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৯ এপ্রিল সাঁথিয়া উপজেলার শহীদনগরে অকুতোভয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি বাহিনীর সম্মুখ যুদ্ধে ১৭ জন মুক্তিযোদ্ধাসহ উভয় পক্ষেরই প্রচুর প্রাণহানী এবং পাকিস্তানি বাহিনীর গোলাবারুদ ও সরঞ্জামাদির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেদিনের যুদ্ধে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের সবাই ছিলেন তৎকালীন ইপিআরের সদস্য। শহীদনগরের অবস্থান পাবনার সাঁথিয়া উপজেলার পাবনা-বগুড়া মহাসড়কের পাশে। আগে এর নাম ছিল ডাব বাগান। স্বাধীনতা যুদ্ধের পর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ডাব বাগান পরিবর্তন করে নাম রাখা হয় শহীদনগর।