নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিজয় দিবস
আজ মহান বিজয় দিবস। জাতি গভীর শ্রদ্ধায় পালন করছে বিজয়ের ৪০ বছর। ভোরে তেজগাঁও পুরোনো বিমানবন্দর এলাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্ম সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করা হয় সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে।সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রাহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।এ ছাড়া বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত পরিবার, বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনৈতিক, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করে। জাতীয় প্যারেড স্কয়ারে এখন মুক্তিযোদ্ধা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিএনসিসি, বাংলাদেশ রাইফেলস, পুলিশ, র্যাব, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড, কারারক্ষী ও ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ চলছে। কুচকাওয়াজ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে।