নানা কারণে নতুন গ্যাস-সংযোগ দেওয়া শুরু হয়নি
আবাসিক গ্রাহকদের জন্য নতুন গ্যাস-সংযোগ চালুর প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর প্রায় তিন সপ্তাহ কেটে গেছে। কিন্তু এখনো দেশের কোথাও নতুন সংযোগ শুরু করা হয়নি। দু-এক দিনের মধ্যে শুরু করা যাবে না বলেও বিতরণ কোম্পানির সূত্রগুলো জানিয়েছে।২০১০ সালের ১৩ জুলাই সরকার আবাসিক গ্রাহকদের নতুন গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ ঘোষণা করে। চারটি সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যাস-সংযোগ বন্ধের ওই আদেশ প্রত্যাহার করেন। এই চারটি সিটি করপোরেশনের মধ্যে রাজশাহীতে ঘরে ঘরে গ্যাস দেওয়ার অঙ্গীকার করা হয়েছিল।তবে ১৫ জুন অনুষ্ঠেয় সিটি নির্বাচনের আগে রাজশাহী নগরে গ্যাসের সংযোগ দেওয়া শুরু করা হলেও তা হবে প্রতীকী। কারণ, রাজশাহীতে গ্যাসের সংযোগ দিতে প্রায় চার হাজার রাইজার কিনতে হবে। সাধারণ নিয়মে দরপত্রের মাধ্যমে এই কেনাকাটায় সময় লাগে কয়েক মাস। সরকারি ক্রয় নীতিমালা মেনে ক্রমান্বয়ে এগুলো কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই গ্যাস-সংযোগের সংখ্যাও বাড়াতে হবে ধীরে ধীরে।জানতে চাইলে ওই অঞ্চলের বিতরণ কোম্পানি পশ্চিমাঞ্চল গ্যাস বিতরণ কোম্পানির (পিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা ১০ জুন নাগাদ সংযোগ দেওয়া শুরু করতে পারবেন। ভাষাসৈনিক মোশাররফ হোসেন আকুঞ্জিসহ কয়েকজন বিশিষ্ট নাগরিকের বাসায় সংযোগ দেওয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে।প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য গ্যাসের সংযোগ শুরু করতে সময় লাগছে তিতাস, বাখরাবাদ ও কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানিরও। এসব কোম্পানির সূত্রগুলো জানায়, আগামী মাসের মাঝামাঝি সময়ের আগে তারা সংযোগ দেওয়া শুরু করতে পারবে না।সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকাকেন্দ্রিক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির যেসব গ্রাহকের নামে ২০১০ সালে সংযোগ বন্ধের আগেই চাহিদাপত্র ইস্যু হয়েছিল, চুক্তিবদ্ধ ঠিকাদারদের মাধ্যমে তাঁদের সংযোগ দেওয়া শিগগির শুরু হতে পারে। পাশাপাশি নতুন আবেদনকারীদের সংযোগ দেওয়ার জন্য নতুন ঠিকাদার নিয়োগে মাস খানেক লাগবে। তাই তা শুরু করতে কিছুদিন দেরি হবে।জানা গেছে, অন্য গ্রাহকদের মধ্যে যাঁরা বন্ধ থাকা অবস্থায় কোনো না কোনোভাবে সংযোগ পেয়েছিলেন, তাঁদের আবেদন করার সময় আরও দুই সপ্তাহ বাড়ানো হতে পারে। শুরুতে ৩০ মে পর্যন্ত এই আবেদন গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছিল। হিসাবে আবেদনকারীর সংখ্যা কম হওয়ায় সময় বাড়ানো হচ্ছে।পেট্রোবাংলার হিসাবে বন্ধ থাকার সময় তিতাস গ্যাসের এলাকায় সংযোগ পাওয়া চুলার সংখ্যা এক লাখের বেশি। এর মধ্যে ৫৭ হাজার ৪১৪টি চুলার বিপরীতে গ্রাহকেরা ব্যাংকে নিয়মিত বিল দিয়েছেন। কর্ণফুলী ও বাখরাবাদের এলাকাসহ এ ধরনের চুলার সংখ্যা প্রায় দেড় লাখ। এর মধ্যে গতকাল সোমবার পর্যন্ত ২০ হাজারের মতো চুলার সংযোগ বৈধ করার জন্য প্রায় আড়াই হাজার গ্রাহক আবেদন করেছেন। এর মধ্যে তিতাসের এলাকায় আবেদনকারীর সংখ্যা প্রায় দুই হাজার।পেট্রোবাংলা ও বিতরণ কোম্পানিগুলোর সূত্র জানায়, নানা ধরনের গুজবের কারণে অনেকেই আবেদন করছেন না। তবে এ ব্যাপারে সরকার তথা পেট্রোবাংলার অবস্থান স্পষ্ট। যাঁরা বন্ধ থাকার সময় সংযোগ পেয়েছেন, তাঁরা আবেদন করলে প্রতিটি চুলার জন্য ১৫ মাসের বিলের সমপরিমাণ অর্থ জরিমানা হিসেবে নিয়ে সংযোগের বৈধতা দেওয়া হবে। অন্য কোনো সমস্যা তাঁদের হবে না।