নানা গ্যালারিতে বিভিন্ন প্রদর্শনী
রাজধানীর নানা গ্যালারিতে এখন চলছে বিভিন্ন প্রদর্শনী। এ তালিকায় যেমন রয়েছে বেঙ্গল গ্যালারিতে বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর একক চিত্রকলা প্রদর্শনী, তেমনি রয়েছে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় ও গ্যালারি কসমসে তরুণ শিল্পীদের দলীয় প্রদর্শনী। শিল্পরসিকেরা আগ্রহ নিয়ে এসব গ্যালারিতে ভিড় করছেন। ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে কাইয়ুম চৌধুরীর সম্প্রতি আঁকা ৮০টি কাজ নিয়ে আয়োজিত প্রদর্শনীর নাম ‘আত্মানুসন্ধান’। এবারের প্রদর্শনীতে দর্শকেরা নতুন আঙ্গিকে পেয়েছেন তাঁদের প্রিয় শিল্পীকে। অ্যাক্রিলিক, ছাপচিত্র, প্যাস্টেল, মিশ্রমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমের কাজ রয়েছে এতে। চিত্রপটে অনেক স্পেস ছেড়ে কাজ করেছেন, আঁকার আকৃতির বিন্যাসেও আছে নিরীক্ষা। নদীর, পাখি, নৌকা, ফুল-পাতায় ভরা শাখা, মাছ, জ্যামিতিক ও লোকজ অঙ্কনরীতির নকশা—এসবের মধ্য দিয়েই অতি চেনা কাইয়ুম চৌধুরীকে পাওয়া যাবে নবব্যঞ্জনায়। সেই সঙ্গে শিমুল-পলাশের রক্তিম উচ্ছ্বাস, আকাশের নীল, হাওয়ার চঞ্চলতা, নদী স্রোতের গতিধারা তিনি মিলিয়ে দিয়েছেন রেখার আঁচড়ে।প্রদর্শনী চলবে ২২ মার্চ পর্যন্ত। খোলা থাকবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত।চিত্রশালায় তরুণ শিল্পীদের বহুমাত্রিক সৃজনসম্ভার তারুণ্যের ভাবনা, সৃজনশীলতা ও নান্দনিক বোধের মিথস্ক্রিয়ায় রূপায়িত চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, স্থাপনা শিল্পকর্ম নিয়ে জাতীয় চিত্রশালায় চলছে ‘নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর ১৮তম আসর।’ এবারের প্রদর্শনীতে তরুণ প্রজন্মের শিল্পীদের কাজে সমকালীন চারুশিল্প বহুমাত্রিক রূপ লাভ করেছে। জলরং, তেলরং, অ্যাক্রিলিক, মিশ্রমাধ্যম, গ্রাফিক্স, বুনন, লিনোকাট, স্ক্রিন প্রিন্ট, সিরামিকস, কাঠ, ধাতু, যন্ত্রাংশ, কাচ, কাগজ, সিমেন্ট, পাথরসহ বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে।প্রদর্শনীতে ১৮১ জন শিল্পীর ২২৪টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এর মধ্যে চিত্রকলা ও ছাপচিত্র ১৮১টি, ভাস্কর্য ৩৩টি এবং স্থাপত্যশিল্প ১০টি।এ প্রদর্শনী ১৬ মার্চ পর্যন্ত শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা এবং শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। পাঁচ তরুণ শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী ভিশন ফাইভ‘ভিশন ফাইভ’ শিরোনামে মহাখালীর গ্যালারি কসমস টুতে চলছে তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল পাঁচ শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী। প্রতিদিন বহু দর্শনার্থীর ভিড়ে গ্যালারি অঙ্গন থাকছে উৎসবমুখর। গতকাল মঙ্গলবার ছিল এই যৌথ প্রদর্শনীর চতুর্থ দিন। প্রদর্শনীর শিল্পকর্মগুলো মূলত স্থান পেয়েছে মানুষের অবয়ব। মানব দেহাবয়ব, তার অন্তর্নিহিত শক্তি, আশা-নিরাশা, প্রাপ্তি ও বঞ্চনার যে নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে চলেছে জীবনযাত্রা, সেসবই তুলে ধরেছেন তরুণেরা তাঁদের নানা মাধ্যমের কাজে।প্রদর্শনীতে স্থান পাওয়া ৩১টি শিল্পকর্মে শিল্পীরা বাস্তবতাকেই প্রাধান্য দিয়েছেন বেশি। তবে বিষয়বস্তুকে দেখার তাঁদের নিজস্ব দৃষ্টিকোণ, উপস্থাপনা ও আঙ্গিক ভিন্ন। শিল্পকর্মে নান্দনিক অনুভবের স্বাতন্ত্র্য কাজগুলোকে পৃথক ও বৈচিত্র্যময় করে তুলেছে। ২৯ মার্চ পর্যন্ত চলবে প্রদর্শনী। দর্শনার্থীদের জন্য খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত।