জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ কারাবন্দী জামায়াতের নেতারা রাতে মুঠোফোনে দেশ-বিদেশে কথা বলেছেন। কারাবিধি ভেঙে গভীর রাত পর্যন্ত তাঁরা থেকেছেন তালাবদ্ধ (লকআপ) কক্ষের বাইরে। একই সুবিধা পেয়েছেন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুও। আর তাপস হত্যাচেষ্টা মামলার আসামি পাঁচজন সেনা কর্মকর্তাও পেয়েছেন গুরুত্বপূর্ণ বন্দীর মর্যাদা।কারা প্রশাসনের উচ্চপর্যায়ের একটি তদন্ত প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া এ প্রতিবেদনে বলা হয়, কারা প্রশাসনের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম ব্যক্তিগত সুবিধা নিয়ে এসব কাজের সুযোগ করে দিয়েছেন। ওই কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছে কমিটি। তৌহিদুল ইসলাম বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কর্মরত। জানতে চাইলে কারা প্রশাসনের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, একটি কমিটির প্রতিবেদনে একজন কর্মকর্তার বিরুদ্ধে বন্দীদের বেআইনি সুবিধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্ত জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এটি একপেশে প্রতিবেদন। কমিটি তদন্তের সময় অভিযোগের ব্যাপারে তাঁর কোনো বক্তব্য নেয়নি। তিনি বলেন, কারা প্রশাসনে কর্মকর্তাদের দুটি পক্ষ আছে। এর একটি পক্ষ তাঁকে ঘায়েল করার জন্য এ ধরনের প্রতিবেদন তৈরি করছে। গত ১৯ সেপ্টেম্বর কারা প্রশাসন তদন্তে কমিটি গঠন করেছিল। কমিটির সদস্যরা হলেন: বগুড়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক ফরমান আলী, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক জামিল আহমেদ চৌধুরী ও খুলনা-বরিশাল কারা বিভাগের উপমহাপরিদর্শক এ কে এম ফজলুল হক। প্রতিবেদনে যা আছে: প্রতিবেদনে বলা হয়, জামায়াতের নেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাইদী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু শ্রেণীপ্রাপ্ত বন্দী হিসেবে ২৬ সেলে (চম্পাকলি) আটক আছেন। কারারক্ষী ফজলুল হক মোল্লা কমিটির কাছে জানান, তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম রাত ১০টার পরে মুঠোফোন হাতে এসব কক্ষে প্রবেশ করতেন। তাঁর ফোন দিয়ে এসব নেতা কথা বলতেন। প্রধান কারারক্ষী মোশাররফ হোসেন কমিটির কাছে জানান, রাত ১২টার দিকে তত্ত্বাবধায়ককে তিনি বন্দীদের সেলে প্রবেশ করতে দেখেছেন। এরপর তত্ত্বাবধায়কের ফোন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বন্দীরা কথা বলেছেন। একই ধরনের বক্তব্য দিয়েছেন কারারক্ষী মাজেদুর রহমান, অমৃত কুমার ও আবু তালেব।বন্দীরা সাক্ষ্য দিয়ে বলেন, সাংসদ ফজলে নূর তাপস হত্যাচেষ্টা মামলার সাজাপ্রাপ্ত পাঁচজন সেনাকে বিশেষ সুবিধা দেওয়া হতো। তাঁরা পরিবারের লোকজনের সঙ্গে নিয়ম ভেঙে দেখা করতেন।তৌহিদুল যা বলেন: অভিযোগের ব্যাপারে তৌহিদুল ইসলাম বলেন, পাঁচ সেনা কর্মকর্তার মধ্যে চারজন ঢাকার বাইরে আছেন। একজনকে ঢাকায় রাখার আদেশ দিয়েছেন কারা মহাপরিদর্শক। তাঁর আদেশে ওই বন্দীর লোকজন দেখা করার সুযোগ পান। তিনি দাবি করেন, তাঁর ফোনের কললিস্ট পরীক্ষা করে এর সত্যতা যাচাই করা হোক। তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা বলে তিনি দাবি করেন।