নানা পেশার লোক মিলে হল্যান্ড
হল্যান্ডের নামটা মুখে এলেই চোখে ভেসে ওঠে কমলা রং। ভেসে ওঠে ফুটবলে ‘অরেঞ্জ’ বিপ্লব, ইয়োহান ক্রুইফ ও ইয়োহান নিসকেন্সদের মুখ। কমলা রং ক্রিকেটেও আছে। কিন্তু ফুটবলে হল্যান্ড গালিভার হতে পারে, ক্রিকেটে তারা এখনো লিলিপুট।তবে এক দিক থেকে কমলা-বিপ্লব কিন্তু ক্রিকেটেও করেছে হল্যান্ড। হল্যান্ড ক্রিকেট দল যে এক বিন্দুতে মিলিয়েছে নানা পেশার মানুষকে। হল্যান্ড দলের কেউ দোকানের কর্মচারী, কেউ দোকান-মালিক, কেউ সরকারি অফিসের কর্তা। ক্রিকেট বিশ্বকাপে চতুর্থবারের মতো খেলতে আসা ১৫ সদস্যের দলের ১২ জনই এমন নানা পেশার মানুষ। তিনজন মাত্র খেলোয়াড়ের পেশা ক্রিকেট।২০০৭ বিশ্বকাপের বারমুডা দলের প্রতিচ্ছবিই যেন এবারের হল্যান্ড দলে। বারমুডার অধিকাংশ ক্রিকেটারই ছিলেন পেশাজীবী। কেউ চাকরি করতেন, কেউ বা ব্যবসা-বাণিজ্য। কোয়ার্টার ফাইনালকে লক্ষ্য বানিয়ে উপমহাদেশের বিশ্বকাপ খেলতে আসা হল্যান্ড দলেও তা-ই। ক্রিকেট তাঁদের কাছে নেহাতই শখের বিষয়। নয়টা-পাঁচটা অফিস করা একজন মানুষের পক্ষে আর যাই হোক, নিয়মিত ক্রিকেট খেলা সম্ভব না!দলের তিনজন পেশাদার ক্রিকেটারের একজন রায়ান টেন ডয়েসকেট পেশাজীবী সতীর্থদের নিয়ে উচ্ছ্বসিত। এই পেশাজীবীরাই যে হল্যান্ডকে বিশ্বকাপে খেলার টিকিট এনে দিয়েছেন। টেন ডয়েসকেট বলেছেন, ‘আমাদের মাত্র তিনজন পেশাদার ক্রিকেটার, যাদের দুজন কাউন্টিতে খেলে এবং একজন অস্ট্রেলিয়ার রাজ্য ক্রিকেটে খেলে। বাকি সবাই নয়টা-পাঁচটা কাজ করে।’পেশাজীবী ক্রিকেটারদের একজন বার্গারের দোকানের ব্যবস্থাপক, একজন তামাক ব্যবসায়ী, একজন অর্থনৈতিক উপদেষ্টা, একজন ফিজিও, একজন ট্রেনার। রাজধানী হেগের একটি বার্গারের দোকানের যৌথ ব্যবস্থাপক হিসেবে প্রসিদ্ধ পেশাজীবী ক্রিকেটারটির নাম মুদাসসর বুখারি। তিনি নতুন বলের বোলার।২৫ বছর বয়সী বেরেন্ড ওয়েসডিক একটি হোটেল চালান। বার্নার্ড লুটস পেশায় অর্থনৈতিক উপদেষ্টা। বাস জুইডারেন্ট এবার খেলছেন চতুর্থ বিশ্বকাপ। ‘দলের ড্যাডি’ খ্যাত জুইডারেন্ট পেশায় ফিজিও। পিয়েটার সিলার অখণ্ড মনোযোগে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন শিক্ষক হবেন বলে। কয়েকজন আছেন, যাঁরা ফুটবলও খেলেন।পেশাজীবী এসব ক্রিকেটারদের মজার মজার উপনামও আছে। লুটস জনপ্রিয় ‘ওপা’ নামে, যার অর্থ গ্র্যান্ডপা, মানে ‘দাদা’। দলের অভিজ্ঞ ব্যাটসম্যান টম ডি গ্রুথের ডাকনাম ‘টু থাম্বস’, সতীর্থরা অ্যাটসে বুরমানকে ডাকে ‘এইস’ বলে; যার অর্থ তাস।টেন ডয়েসকেট ছাড়া বাকি দুই পেশাদার ক্রিকেটারের একজন অ্যালেক্সেই কারভেজি, খেলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের কাউন্টি দল উস্টারশায়ারে। টম কুপার খেলেন দক্ষিণ অস্ট্রেলিয়ায়।নয়টা-পাঁচটা অফিস। মুদাসসররা ক্রিকেট খেলেন কখন? ডয়েসকেট বলছেন, ক্রিকেট তাঁদের কাছে শখ। প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা অতিরিক্ত কাজ করেন। কাজেই বিশ্বকাপে নিয়মিত জায়গা করে নেওয়া ডাচদের অবিশ্বাস্য প্রচেষ্টা, কঠোর পরিশ্রমের ফসল। হল্যান্ডের অস্ট্রেলিয়ান কোচ পিটার ড্রিনেন বলেছেন, শখের এসব ক্রিকেটারের জীবনের সঙ্গে পেশাকে মেলানো কঠিন, তার ওপর মাঠে এনে একটা নিয়মের মধ্যে রেখে খেলানো তো আরও।জীবিকা নির্বাহের জন্য যাই করুন, জাতীয় দলের জার্সি গায়ে তুলে তারা পেশাদার, প্রমাণ কিন্তু প্রতিনিয়তই দিয়ে যাচ্ছেন ডাচরা। এএফপি।