নানা প্রশ্নে প্রাণবন্ত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংধনু সাত রং ধারণ করে কীভাবে? পানির অপর নাম জীবন বলি, কিন্তু বায়ুর অপর নাম জীবন বলি না কেন? শিক্ষার্থীদের এমন আরও অনেক প্রশ্ন জামালপুর আঞ্চলিক গণিত উৎসবকে প্রাণবন্ত করে তোলে। জামালপুর জিলা স্কুলে গতকাল সোমবার এই উৎসব হয়। ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—এই স্লোগানে ডাচ্-বাংলা ব্যাংক ও প্রথম আলোর সহযোগিতায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড আয়োজিত ১১তম আঞ্চলিক গণিত উৎসবে জামালপুর, শেরপুর ও টাঙ্গাইল জেলার ৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০০ শিক্ষার্থী অংশ নেয়। সকাল সাড়ে নয়টায় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. দেলওয়ার হায়দার, আন্তর্জাতিক ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন যথাক্রমে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান ও জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক নাছিমা আক্তার।নাছিমা আক্তার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘গণিত জয়ের মধ্য দিয়েই নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।’ জেলা প্রশাসক মো. দেলওয়ার হায়দার বলেন, ‘আগামীর বাংলাদেশের অনেক সম্ভাবনা দেখছি। আশা রাখি শিক্ষার্থীদের মধ্যে গণিতেও সেই ধারা অব্যাহত থাকবে।’ আরও বক্তৃতা করেন ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড জামালপুর শাখার ব্যবস্থাপক ইব্রাহিম খান, প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের এক ঘণ্টা ১৫ মিনিটের গণিত বিষয়ে মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। সঞ্চালক মুনির হাসান শিক্ষার্থীদের মুখস্থ, মাদক ও মিথ্যাকে ‘না’ বলা এবং বাংলাদেশকে মায়ের মতো ভালোবাসার অঙ্গীকার করান। এই পর্বে ৪৯ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করে একটি করে ক্রেস্ট, সনদ ও টি-শার্ট দেওয়া হয়। প্রাথমিকে চ্যাম্পিয়ন হয় জামালপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র এস এম আল মিরাজ, আবরার জাহান, শাহরুল ইসলাম ও কলিমোল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ইরফান তামিম। নিম্নমাধ্যমিকে চ্যাম্পিয়ন হয় জামালপুর জিলা স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র শাকিল মিয়া, জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী আলভী মাইশা, জামালপুর জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মশিউর হক, জামালপুরের মামুন স্মৃতি পাবলিক স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী শামীমা আক্তার। মাধ্যমিকে চ্যাম্পিয়ন হয় শেরপুরের দিশা প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র শাদমান রহমান, জামালপুরের নান্দিনা এম এইচ কে পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র পার্থ সূত্রধর, জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণীর ছাত্র মাসুম আহমেদ, কুদরত-ই-রাব্বি ও সাদমান সাকিব। উচ্চমাধ্যমিকে চ্যাম্পিয়ন হয় টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মিজানুর রহমান ও মুকলেছুর রহমান, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রেজাউল ইসলাম ও একই কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মাশরুর আবরার ফারুকী।