‘আয় আয় আয়, কে স্বপ্ন দেখবি আয়, আয়, আয় আয় গণিতের আঙিনায়। উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আগে বেজে ওঠে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের এ গান। এতে সাড়াও দেয় খুদে গণিতপ্রেমীরা। নানা প্রশ্নে প্রাণ পায় সেই স্বপ্ন। বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী নুসরাত ওয়ারার প্রশ্ন ছিল—মৌলিক সংখ্যা বের করার কোনো সূত্র আছে? গণিতশাস্ত্রের ইতিহাসে এ সূত্রের সন্ধানে বাঘা গণিতবিদেরা ঘাম ঝরালেও এখনো তার খোঁজ মেলেনি। তাই বলে খুদে গণিতবিদদের স্বপ্ন দেখতে তো মানা নেই। নানা প্রশ্নে সেই স্বপ্ন দেখার ডাক শোনা যায় তাদের মধ্যে।গণিতে কেন নোবেল পুরস্কার দেওয়া হয় না, শূন্যের আবিষ্কারক কে, গোল্ডেন রেশিও মেনে অতিথি পাখি আসে কেন, কার্বন কীভাবে জলবায়ুর ক্ষতি করে, রোমান সংখ্যায় শূন্যের ব্যবহার নেই কেন, বীজগণিত কী কাজে লাগে, ১ মৌলিক সংখ্যা নয় কেন—এমন নানা প্রশ্ন আর উত্তরে গতকাল শনিবার বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো বরিশাল অঞ্চলের গণিত উত্সব প্রাণবন্ত হয়ে ওঠে।গণিতের ভয়কে জয় করতে সকাল থেকেই শুরু হয় শিক্ষার্থীদের ভিড়। তীব্র শীত উপেক্ষা করে সকাল আটটার মধ্যে পূর্ণ হয়ে যায় উত্সব প্রাঙ্গণ। প্রথম আলোর ব্যবস্থাপনায় আর ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এ উত্সবের আয়োজক বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রথম আলো বন্ধুসভার বরিশালের সদস্যরা।সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও উত্সবের উদ্বোধন করেন বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নূরুল আমীন। এ সময় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন যথাক্রমে ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. আলমগীর হুমায়ুন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক রাশেদ তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ুন কবীর, গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনীর হাসান, কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান, বরিশাল মহানগর পুলিশ কমিশনার আবদুর রহিম, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ দুলাল।সকাল ১০টায় শুরু হয় মূল প্রতিযোগিতা। সোয়া এক ঘণ্টার প্রতিযোগিতামূলক পরীক্ষা শেষে বেলা সাড়ে ১১টায় খুদে গণিতবিদদের গণিতবিষয়ক নানা প্রশ্ন আর সংগীতানুষ্ঠানে প্রাণবন্ত হয়ে ওঠে উত্সব প্রাঙ্গণ। প্রশ্নোত্তর পর্বে বুদ্ধিদীপ্ত উত্তর ও প্রশ্ন করার জন্য শিক্ষার্থীদের গণিতের বিভিন্ন বই উপহার দেওয়া হয়। এর ফাঁকেই মুনীর হাসান শিক্ষার্থীদের মাদক, মুখস্থ ও মিথ্যাকে ‘না’ বলতে অঙ্গীকার করান।উত্সবে বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠির ৭২১ জন শিক্ষার্থী অংশ নেয়। সব শেষে চারটি বিভাগে ১৫ জন করে মোট ৬০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।প্রথমবার অংশ নিয়ে প্রাথমিক বিভাগে চ্যাম্পিয়ন পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের মাইসা ফারজানা বলে, ‘আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। তবে চ্যাম্পিয়ন হব এমন আশা করিনি।’ ফারজানার বাবা জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রথম আলো বিভিন্ন কাজে যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করছে, সেখান থেকেই উদ্বুদ্ধ হয়ে মেয়েকে নিয়ে এসেছি।’