গত ২৫ মে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভার রেজুলেশন প্রকাশ করা হয় প্রায় এক মাস পর। এ রেজুলেশনের বক্তব্যে সাধারণ আইনজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রতিবাদ করে বলা হয়েছে, ফরিদপুর আইনজীবী সমিতির ১২৫ বছরের ইতিহাসে এ একটি অভূতপূর্ব ও নজিরবিহীন ঘটনা। ওই দিনের সভায় এমন সব সিদ্ধান্ত রেজুলেশন আকারে লিপিবদ্ধ করা হয়েছে, যা উপস্থিত সদস্যরা বলেননি বা সভায় সিদ্ধান্ত হয়নি। রেজুলেশনে চারটি সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিটি সিদ্ধান্ত বিচারক ও পেশকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে। সিদ্ধান্ত চারটি হলো:এক নম্বর সিদ্ধান্তে বলা হয়, বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পেশকার সাফায়েত শহীদকে ১৫ দিনের মধ্যে প্রত্যাহার করে নিতে হবে। পাশাপাশি বিজ্ঞ নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের প্রতি বিচারপ্রার্থী মানুষের আস্থা ও বিশ্বাস আরও উন্নত হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা গেল।দুই নম্বর সিদ্ধান্তে বলা হয়, ফরিদপুর জেলা জজশিপের বিভিন্ন আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিভিন্ন আদালতের কিছু স্টাফ অনিয়মের সঙ্গে জড়িত, তদন্তসাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা জজ ফরিদপুরকে অনুরোধ করা গেল।তিন নম্বর সিদ্ধান্তে বলা হয়, অবিলম্বে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদকে আমলি আদালত থেকে প্রত্যাহার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা গেল।চার নম্বর সিদ্ধান্তে বলা হয়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ইতিপূর্বে আইনজীবীরা বর্জন করেছিলেন। ম্যাজিস্ট্রেট কোর্টে স্টাফ নিয়োগ নিয়ে জনমনে নানা প্রশ্ন। আইনজীবীদের সঙ্গে তাঁর অসহযোগিতা, সর্বোপরি তিনি দীর্ঘদিন ধরে ফরিদপুরে কর্মরত আছেন। এসব কারণে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদপুরকে অনতিবিলম্বে অন্যত্র বদলির ব্যবস্থা করার জন্য জোর সুপারিশ করা গেল।সবশেষ সিদ্ধান্ত হয়, এ রেজুলেশনের কপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা জজ ফরিদপুর এবং প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট বরাবরে প্রেরণ করা হোক।জেলা আইনজীবী সমিতির ২৮২ জন সদস্যের মধ্যে ওই সভায় ১৩৭ জন উপস্থিত ছিলেন। ১১ জন সদস্য বক্তব্য রেখেছেন। যাঁরা উপস্থিত ছিলেন এবং যাঁরা বক্তব্য রেখেছেন, তাঁদের বেশির ভাগই পরবর্তী সময়ে এ রেজুলেশনের সিদ্ধান্তগুলো পড়ে হতবাক হয়ে যান। সভায় উপস্থিত সদস্যের ৬০ জন এ রেজুলেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং আপত্তি প্রকাশ করে পাল্টা স্বাক্ষর সংগ্রহ করেছেন। অন্যান্য সদস্য প্রতিবাদ জানানোর জন্য অপেক্ষায় আছেন পরবর্তী সাধারণ সভার। সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।ফরিদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. বদিউজ্জামান বলেন, ‘আমি ২৫ মে তারিখের সভায় উপস্থিত ছিলাম। ওই সভায় কোনো বিচারপতি নিয়ে কোনো অভিযোগ করা হয়নি। রেজুলেশনে যা উল্লেখ করা হয়েছে, তা সম্পূর্ণভাবে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের মনগড়া এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট। এর সঙ্গে বারের অন্যান্য সদস্যের কোনো সম্পর্ক নেই।’সভায় উপস্থিত ফরিদপুর জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক মো. জসীমউদ্দীন মৃধা জানান, সভাপতি-সম্পাদকের ব্যক্তিগত শত্রুতার কারণে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এখানে নারী ও শিশু আদালত নিয়ে কিছু প্রশ্ন থাকলেও অন্য কোনো আদালত নিয়ে কোনো বিতর্ক নেই।জজ কোর্টের আইনজীবী জাহিদ ব্যাপারি অভিযোগ করেন, সমিতির নেতারা ‘জামিন-বাণিজ্য’ করতে না পেরে বিচারকদের বিরুদ্ধে এ অন্যায় অভিযোগ এনেছেন। তাঁরা বিচারকদের ওপর খবরদারি করতে চান। কিন্তু বিচারকেরা তাঁদের অন্যায় দাবি মেনে না নেওয়ায় এ রেজুলেশন করা হয়েছে। এর ফলে আমাদের সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’ সভায় উপস্থিত সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গাঙ্গুলী বলেন, এমন অনেক কথাই রেজুলেশনে আনা হয়েছে, যা আলোচনা হয়নি। সাধারণত সভা শেষে রেজুলেশনের সর্বময় ক্ষমতা সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া হয়। এ ক্ষেত্রেও তা-ই হয়েছে। কিন্তু রেজুলেশনে বক্তব্য সঠিকভাবে আসেনি। তবে রেজুলেশনের প্রতিবাদ পরবর্তী সভায় করার নিয়ম। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।আইনজীবী সমিতির প্রবীণ সদস্য মো. শাহজাহান বলেন, ‘আমি ১৯৬৯ সালে আইনজীবী হিসেবে এ বারে যোগ দিই। গত ৪১ বছরে এ সমিতির পক্ষ থেকে কোনো বিচারকের বিরুদ্ধে এ জাতীয় অভিযোগ উঠেছে বলে দেখিনি। বাংলাদেশের কোনো আইনজীবী সমিতি এ ধরনের রেজুলেশন করেছে বলেও আমি শুনিনি।’এ প্রসঙ্গে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলজার হোসেন মৃধা জানান, বক্তারা বলেননি সে কথা রেজুলেশনে আনার সুযোগ নেই। সবার বাক্য লিপিবদ্ধ করা রয়েছে। তবে কিছু আইনজীবী আছেন, যাঁদের কাজ জামিনের জন্য বিচারকের দিকে তাকিয়ে থাকা, তাঁরাই বিচারকদের নিকটভাজন হওয়ার জন্য নানা কথা বলছেন । বারের রেজুলেশন অসত্য হতে পারে না।আইনজীবী সমিতির সভাপতি শহীদুল্লাহ জাহাঙ্গীর বলেন, ‘আমরা প্রধান বিচারপতির কাছে রেজুলেশন পাঠিয়েছি। বাস্তবায়নের দায়িত্ব হাইকোর্টের।’ রেজুলেশনের বিরোধিতা করে কয়েকজন আইনজীবীর স্বাক্ষর সংগ্রহ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বারের প্রতিনিধিত্ব করি। সদস্যরা রেজুলেশন লেখার সর্বময় ক্ষমতা আমাদের দিয়েছেন। তাতে হাতে গোনা কয়েকজন অখুশি হতে পারেন। স্বাক্ষর গ্রহণ করে রেজুলেশনের প্রতিবাদ করা যায় না।’আদালত সূত্রে জানা গেছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সুনামগঞ্জে বদলি করা হয়েছে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে আদালত সূত্র জানায়, দীর্ঘদিন এক স্থানে আছেন, এ রকম আরও চারজন চিফকে একই সঙ্গে বদলি করা হয়েছে।