নানা মেলার নানা বর্ণ
মেলা অর্থ মিলন। মিলিত মানুষের উৎসবের নামই মেলা। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে সরাবছর হরেক রকমের মেলার আয়োজন হয়ে থাকে। এসব মেলার থাকে নানা উপলক্ষ্য, থাকে চৈচিত্র্য। লোকাচার, ঋতু রবণ, পালপার্বন ও জাতীয় জীবনের নানা ঘটনার স্মারক দিবসেও মেলার আয়োজন হয়ে থাকে। সামাজিক সম্প্রীতি সৃষ্টিতে এসব মেলার যেমন সুদূর প্রসারী তাৎপর্য রয়েছে তেমনি নানাবিধ কারু ও কৃষিপণ্য বিপননের ক্ষেত্রে মেলার অর্থনৈতিক গুরুত্বও ব্যাপক। আমাদের লোকজীবনে চৈত্রে পুরাতন বছরের বিদায় ও বৈশাখে নতুন বছর বরণ করতে বিভিন্ন স্থানে মেলার আয়োজন হয়। এরমধ্যে অনেক মেলা আছে শতবছরেরও বেশি পুরাতন। এমন কয়েকটি মেলার সংক্ষিপ্ত পরিচয় থাকছে এখানে। টাঙ্গাইলের রসুলপুরের জামাই মেলাপুরো বৈশাখ মাসে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অনেক মেলা বসে। এলাকাভিত্তিক এসব মেলার নামও আলাদা। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরে ‘জামাই মেলা’ এ অঞ্চলে বেশ বিখ্যাত।প্রতিবছর বৈশাখ মাসের ১১ তারিখ (পঞ্জিকার হিসাব অনুযায়ী) রসুলপুরে বসে দুই দিনের জামাই মেলা। কবে থেকে এই মেলা হচ্ছে, তা সঠিকভাবে কেউ বলতে পারে না। তবে বহুকাল ধরে জামাই মেলা বসছে, এটা সবারই জানা।রসুলপুর গ্রামের প্রবীণ শিক্ষক নিবারণ চন্দ্র দাস জানান, এ মেলাকে কেন্দ্র করে শুধু রসুলপুর নয়, পার্শ্ববর্তী সদুল্যাপুর, গালা, পৌলী, বিক্রমহাটি, বেথৈর, খলদবাড়ী, হিন্নইপাড়া, সালিনাগ্রামসহ আশপাশের বিভিন্ন গ্রামে মেয়ে-জামাইকে নিমন্ত্রণ করে আনার রেওয়াজ চালু আছে। সাধারণত মেলা শুরু হওয়ার তিন-চার দিন আগে থেকেই তারা আসতে শুরু করে। জামাইকে আপ্যায়ন করতে মেলার মাসখানেক আগে থেকেই এলাকার গৃহস্থরা আর্থিক প্রস্তুতি নিতে থাকে। অনেকে মেয়ে-জামাইয়ের পাশাপাশি অন্য আত্মীয়দেরও আমন্ত্রণ জানায়। ফলে মেলাকে কেন্দ্র করে এসব এলাকার প্রায় প্রতিটি বাড়িতেই আত্মীয়স্বজনে ভরে যায়। উৎসবমুখর হয়ে ওঠে প্রতিটি ঘর। এ কারণেই কোনো একসময় মেলাটির লোকমুখে জামাই মেলা নাম হয়ে যায়।এলাকার বিভিন্ন শ্রেণীর লোকের সঙ্গে কথা বলে জানা গেছে, মেলা উপলক্ষে বাড়িতে জামাই এলে শাশুড়ি জামাইয়ের হাতে মেলায় খরচের জন্য সাধ্যমতো কিছু টাকা তুলে দেন। জামাই সেই টাকা নিয়ে মেলায় যান আত্মীয়স্বজনকে সঙ্গে নিয়ে।জামাই বড় মাটির কোলা (মাটির কলসি) ভর্তি করে কিনে আনে খই, আকড়ি, জিলাপি, চিনির সাজসহ নানা রকমের খাদ্যসামগ্রী। এ মেলায় গ্রামের বউ-ঝিয়েরাও আসে। তাদের কেনাকাটার ফর্দে থাকে দৈনন্দিন কাজে ব্যবহার্য জিনিস; যেমন—বঁটি-দা, কাঁসা-পিতলের তৈজসপত্র, বাঁশ-বেত ও মাটির তৈরি জিনিসপত্র। এ ছাড়া বাচ্চাদের খেলনা, চুড়ি-ফিতার মতো জিনিস তো আছেই। তবে ইদানীং জামাই মেলায় মাছ-মাংস এবং কাঠের তৈরি আসবাবও উঠতে শুরু করেছে। মহামুনির মেলাচট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী মেলা হচ্ছে রাউজানের মহামুনি মেলা। প্রায় ৩৫০ বছর ধরে এই মেলা চলে আসছে। প্রতিবছর ৩০ চৈত্র এই মেলা বসে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের মহামুনি মন্দির প্রাঙ্গণে। এবার ১৪ এপ্রিল থেকে মেলা শুরু হয়েছে, চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।চৈত্রসংক্রান্তি উপলক্ষে পাহাড়তলী মহামুনি মন্দিরে প্রতিবছর বাংলা সনের ৩০ চৈত্র মহামুনি মেলা বসে। আগে মেলা চলত মাসব্যাপী। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ মেলা চলে ১৫ দিনব্যাপী।দেশের সব জেলা থেকে বৌদ্ধধর্মাবলীম্বরা মহামুনি মেলায় আসেন। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকা থেকে চাকমা, মারমা, ম্রো উপজাতিসহ আদিবাসীরা এ মেলায় আসেন। মন্দিরের অনাথালয় পরিদর্শনের লক্ষ্যে জাপান থেকেও দাতা সদস্যরা এ মেলায় অংশ নেন।কমিটির সভাপতি অভয়ানন্দ মহাথেরো জানান, মহামুনি মেলায় প্রতিবছর দুই হাজার পাহাড়ি আদিবাসীসহ প্রায় ১১-১২ হাজার পুণ্যার্থী আসেন। তাঁরা চৈত্রসংক্রান্তি থেকে বৈশাখী পূর্ণিমা পর্যন্ত মন্দিরে বিশেষ পূজায় অংশ নেন। পাহাড়ি আদিবাসী তরুণ-তরুণীরা ওই সময় মন্দিরে শপথবাক্য পাঠের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁরা নাচ-গানেও মেতে ওঠেন। মেলা উপলক্ষে মন্দির ভবনসহ সব পূজাস্থল রং দিয়ে নতুন করে রাঙিয়ে তোলা হয়েছে। মন্দিরের চারপাশে বিশাল এলাকায় বিকিকিনির জন্য শামিয়ানা টাঙিয়ে অস্থায়ী দোকানপাট তৈরি ছাড়াও মেলায় আসা পুণ্যার্থীদের রাতযাপনের জন্য গড়ে তোলা হয়েছে অস্থায়ী আবকাঠামো। বুদ্ধের বাণীসংবলিত প্লাকার্ড, ফেস্টুন, ব্যানার দিয়ে সাজানো হয়েছে পুরো মেলা এলাকা।এই মেলায় প্রসাধনসামগ্রীর পাশাপাশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম ও মাটির তৈরি হাঁড়ি-পাতিল, কামারদের তৈরি দা, ছুরি, কাঁচি, ট্রাংক, শীতল পাটি, বাঙ্গি, তরমুজসহ নানা সামগ্রী। বেচাকেনাও হয় ভালো। সব ধর্মের মানুষ এসে এই মেলায় কেনাকাটা করে।সিন্দুর মতির মেলা,লালমনিরহাটের অন্যতম প্রাচীন মেলা হচ্ছে সিন্দুর মতির মেলা। সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে সিন্দুর মতি দিঘির পাড়ে এই মেলা বসে চৈত্রে। হিন্দু সম্প্রদায়ের বাসন্তী পূজার সময় নবমী তিথিতে এ মেলা অনুষ্ঠিত হয়।এলাকার হিন্দু সম্প্রদায় সিন্দুর মতি দিঘিকে তীর্থস্থান হিসেবে গণ্য করে। রামনবমীতে স্নান উপলক্ষে এখানে আসে রাজশাহী, বগুড়া, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাটসহ বিভিন্ন জেলার মানুষ। পার্শ্ববর্তী ভারত থেকেও পুণ্যার্থীরা এ মেলায় আসেন। এই মেলাটি কাগজে-কলমে এক দিনের হলেও পূজার তিন দিন—অষ্টমী, নবমী ও দশমীতে মেলা চলে। মেলায় পাওয়া যায় মাটি, লোহা, কাঠ, বাঁশ-বেত, কাগজ ও কাপড়ের তৈরি বিভিন্ন ধরনের হস্তজাত সামগ্রী, আসবাবপত্র, বিলাসদ্রব্য ও মিষ্টি। মেলায় বড় বড় মাছও পাওয়া যায়।চিত্তবিনোদনের জন্য মেলায় নাগরদোলা, সার্কাস, পুতুলনাচ, মৃত্যুকূপ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।মেলার উৎপত্তি সম্পর্কে জনশ্রুতি, বহুকাল আগে সিংহলের জনৈক রাজনারায়ণ চক্রবর্তী সন্তান লাভের আশায় সস্ত্রীক তীর্থযাত্রায় বেরিয়ে একসময় লালমনিরহাটে আসেন। পরে তিনি দুটি কন্যাসন্তান লাভ করেন। তাদের নাম রাখা হয় সিন্দুর ও মতি। এখানে জমিদারি লাভ করে তিনি প্রজাদের পানির কষ্ট নিবারণের জন্য ১৭ একর জমির ওপর বিরাট দিঘি খনন করান। কিন্তু পানি না ওঠায় রাজনারায়ণ স্বপ্নাদিষ্ট হয়ে চৈত্রের রামনবমীতে পূজার আয়োজন করেন। পূজার পরই দিঘিতে পানি উঠতে থাকে এবং ওই সময় তাঁর দুই কন্যা সিন্দুর ও মতি পানিতে ডুবে মারা যায়।শেখরনগরের মেলাশেখরনগরের মেলার নাম শোনেনি এমন কাউকে মুন্সিগঞ্জে খুঁজে পাওয়া যাবে না। ৫০০ বছরের বেশি পুরোনো এই মেলা কিন্তু বৈশাখে বসে না, মেলা হয় চৈত্রে। এবার এই মেলা হয়ে গেল ৩০ মার্চ।প্রতিবছর এই মেলা বসে ইছামতী শাখা নদীর পারে, শেখরনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও রক্ষাকালী মন্দিরের আশপাশের মাঠজুড়ে। মেলার পরিসর ছোট হলেও বরাবরের মতো এবারও বসেছিল হাজার তিনেক স্টল। সমাবেশ হয়েছিল লক্ষাধিক লোকের। শেখরনগর গ্রামের বাসিন্দা নাজির হোসেন (৩০) জানান, মেলায় প্রতিবছর তাঁর বাবার সঙ্গে প্রসাধনী ও শিশুদের খেলনার দোকান দিয়ে আসছেন। গত বছর তাঁর বাবা মারা যাওয়ায় এবার একা দোকান দিয়েছেন। মেলায় ঢাকার শাঁখারীবাজার, নারায়ণগঞ্জ, শ্রীনগর, সিরাজদিখান, কেরানীগঞ্জ ও দোহার থেকে লোকজন এসেও দোকান দিয়েছিলেন।মন্দির কমিটির সভাপতি সুকুমার চন্দ্র দাস জানান, এই মন্দিরের বয়স প্রায় ৫১৫ বছর। মন্দির প্রতিষ্ঠার পর থেকেই এখানে মেলা বসছে প্রতিবছর। তিনি আরও জানান, মেলায় ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মিয়ানমার থেকে লোকজন আসে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে সড়কপথে ও লঞ্চ-ট্রলার দিয়ে বিশেষ করে বরিশাল, খুলনা, বাগেরহাট, চাঁদপুর, ফরিদপুর থেকে লোকজন আসে। ওই দিন লঞ্চ ও ট্রলার ঘাট এলাকা মানুষের ভিড়ে সরগরম হয়ে ওঠে। এলাকার রতন চন্দ্র দাস বলেন, মেলা ভোরবেলা শুরু হয়, চলে গভীর রাত পর্যন্ত। খাবারের জন্য চিন্তা করতে হয় না। ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে অনেকে এসে স্বেচ্ছায় খিচুড়ি রান্না করে খাওয়ান। ওই দিন আশপাশের বাড়িতে অতিথি ও স্বজনে ভরে যায়।প্রতিবেদন গুলো পাঠিয়েছেন আমাদের প্রতিবেদক কামনাশীষ শেখর, টাঙ্গাইল; ইব্রাহিম খলিল, চট্টগ্রাম; আবদুর রব, লালমনিরহাট ওতানভীর হাসান, মুন্সিগঞ্জ