নানা রঙের বি শ্ব কা প
নিছকই দুর্ঘটনা!বলা হচ্ছে, আয়ারল্যান্ড নাকি কষে চড় লাগাল আইসিসির ‘দশ দলের বিশ্বকাপ’ নীতিকে। হারুন লরগাত অবশ্য তার পরও অটল। আইসিসির প্রধান নির্বাহী বলছেন, আয়ারল্যান্ডের কাছে ইংল্যান্ডের হেরে যাওয়াটা নিছকই দুর্ঘটনা, ‘ওয়ানডেতে আইসিসির সহযোগী দলগুলো এক-দুবার অঘটন ঘটাতেই পারে। তবে একটা নির্দিষ্ট সময় ধরে কিংবা বড় কোনো টুর্নামেন্টে প্রধান দলগুলোর মতো শক্ত প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা তাদের কমই।’ কী বুঝলেন? গত বিশ্বকাপে পাকিস্তান ও বাংলাদেশকে হারানো, জিম্বাবুয়ের সঙ্গে টাই, এবার ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ রেকর্ড ভেঙে দেওয়া জয়—তার পরও আইরিশরা পাত্তাই পাচ্ছে না আইসিসির কাছে! ওয়েবসাইট।স্রেফ গুজবঅবসর! রিকি পন্টিং যেন আকাশ থেকে পড়লেন। খবর রটেছে, এবার বিশ্বকাপের পরই নাকি ওয়ানডে ক্রিকেট ছেড়ে দেবেন পন্টিং। এই খবর শুনে অস্ট্রেলীয় অধিনায়ক যারপরনাই বিস্মিত। পন্টিংয়ের এক কথা, ‘কোত্থেকে যে এসব গুজব রটে!’ টেলিগ্রাফকে অস্ট্রেলীয় অধিনায়ক বলেছেন, ‘এখনো আমি শেষ লাইনটা দেখতে পাচ্ছি না। এটাই সবচেয়ে ইতিবাচক ব্যাপার। প্রতিদিন অনুশীলন, খেলার চ্যালেঞ্জটা আমি উপভোগ করি।’ গত বছর ২২ ওয়ানডেতে ৩৬.৭১ গড়ে ৭৭১ রান করেছেন; পন্টিং নামের সঙ্গে যেটি বেমানান। তবে পন্টিং বলছেন, ‘আমি খেলে যেতে চাই, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ মনে করব দলে আমি অবদান রাখতে পারব।’ ওয়েবসাইট।বোরেনের উপলব্ধিঅঘটন তো আর গাছের পাতা নয়, যে গাছ ধরে ঝাঁকি দিলেই টুপটাপ করে নিচে পড়বে। অঘটন ঘটানোর মতো ক্ষমতাও থাকা চাই। সে ক্ষমতাটা যে ভালোই আছে আয়ারল্যান্ডের। গত বিশ্বকাপে পাকিস্তান আর বাংলাদেশকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল তারা। আর এবার তো তাদের শিকার ‘চিরশত্রু’ ইংল্যান্ড। বিশ্বকাপের আগে এমন অঘটন ঘটানোর কথা বলেছিল হল্যান্ডও। ইংল্যান্ডের বিপক্ষে ২৯২ রান করে অঘটনের পূর্বাভাসও প্রথম দিয়েছিল তারাই। কিন্তু এর পর থেকে পথ হারানো শুরু। ওয়েস্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটো বিশাল পরাজয় বাস্তবতার মাটিতে নামিয়ে এনেছে হল্যান্ডকে। পরের ম্যাচটা আবার ভারতের বিপক্ষে! অঘটনের স্বপ্ন আলমারিতে তুলে রেখে ডাচ কোচ পিটার বোরেন বলছেন, ‘অঘটন নয়, আমাদের লক্ষ্য ভালো খেলা।’ ওয়েবসাইট।‘হ্যালো, আমি শচীন’নিজেকে নতুন করে আর কী-ই বা চেনাবেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার? সারা বিশ্বেই একনামে পরিচিত রেকর্ডের এই বরপুত্র। মহেন্দ্র সিং ধোনির দলকে শুভকামনা জানাতে শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়ামে গিয়েছিল এক ঝাঁক শিশু। যাদের সবাই অন্ধ। সেখানেই নিজেকে আরেকবার চেনালেন টেন্ডুলকার, ‘হ্যালো, আমি শচীন’ বলে। ‘তোমার বয়স কত?’ টেন্ডুলকারের এ প্রশ্নে একটি শিশুর জবাব, ‘১২ বছর।’ শিশুটির সঙ্গে দুষ্টুমি না করে আর ছাড়লেন না তিনি, ‘মাত্র ১২ বছর! তার পরও তো তুমি দেখছি অনেক শক্তিশালী।’ ভারতীয় দলের সবাই এভাবে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটালেন পরশু। ওয়েবসাইট।