নানা রঙের বি শ্ব কা প
ভারতের ম্যাচেও!মাঠে খেলছে দুই দল। গ্যালারি দর্শকশূন্য। এবারের বিশ্বকাপে এই দৃশ্যের দেখা মিলছে নিয়মিতই। তবে ভারতের ম্যাচে এটা তো কল্পনাও করা যায় না! টেন্ডুলকার-ধোনিদের জয় দেখতে টইটম্বুর থাকার কথা গ্যালারি। কিন্তু ভারত-হল্যান্ড ম্যাচের ছবিটা একটু যেন ভিন্ন। দিল্লির ফিরোজ শাহ কোটলার গ্যালারির কিছু অংশ ছিল খালি। ম্যাচটা একতরফা হবে বলেই হয়তো অনেক দর্শক আসেনি। তবে ঘটনা হলো, এ ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল অনেক আগেই। একদিকে টিকিটের জন্য হা-হুতাশ, অন্যদিকে টিকিট পেয়েও মাঠে না আসাটা চিন্তায় ফেলছে বৈকি আয়োজকদের। ওয়েবসাইট।লারার সময়বিশ্বকাপ শুধু বর্তমান ক্রিকেটার নয়, সাবেকদেরও মিলনমেলা হয়ে ওঠে। কিন্তু এবারের বিশ্বকাপে নেই ব্রায়ান লারা। ত্রিনিদাদ থেকে এই উপমহাদেশের দূরত্বের চেয়ে যেন বেশি দূরে ক্রিকেটের সঙ্গে তাঁর সম্পর্ক। তবে ক্রিকেটহীন জীবনটাও ভালো উপভোগ করছেন এই কিংবদন্তি। গত মঙ্গলবার ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে ট্রাইব ব্যান্ডদলের একটা অনুষ্ঠানে লারা যেমন এই বান্ধবীকে নিয়ে মঞ্চেই উঠে গেলেন। রয়টার্স।ব্যাট উদ্ধারঅবশেষে খুুঁজে পাওয়া গেছে নিয়াল ও’ব্রায়েনের হারিয়ে যাওয়া ছয়টি ব্যাট। ভারতের বিপক্ষে ম্যাচের পর ব্যাটগুলো যে স্পোর্টসকিটে ছিল, সেটি হারিয়ে গিয়েছিল। আইরিশ খেলোয়াড়েরা মাঠ থেকে টিম হোটেলে ফিরে ব্যাটগুলো আর দেখেননি। এর একটি ব্যাট দিয়েছিলেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না। তাই ব্যাটগুলো বেশ মূল্যবানই ছিল নিয়াল ও’ব্রায়েনের কাছে। আয়ারল্যান্ডের মিডিয়া ম্যানেজার ব্যারি চেম্বারস জানান, ভুলক্রমে ভারতীয় দলের লাগেজে চলে গিয়েছিল ব্যাটগুলো। এগুলো উদ্ধার করে শিগগিরই নিয়ালকে ফেরত দেওয়া হবে। ভারতের বিপক্ষে হার এবং নিজের রান আউটের হতাশা থেকে ব্যাটগুলোর প্রতি তাঁর নজর ছিল না বলে যে খবর বেরিয়েছে, তা সত্য নয় বলে নিয়াল দাবি করেছেন। ওয়েবসাইট।মানবতার ডাকেবিশ্বকাপ খেলতে এসেছেন। কাজেই ব্যাট-বলেই যত ব্যস্ততা। তবে একই সঙ্গে মানবতার ডাক এলে ছুটে যেতে একটুও সময় নেন না তাঁরা। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা তো পরশু অনুশীলন রেখে সময় কাটালেন পাঞ্জাবের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১০ জন এইচআইভি আক্রান্ত মানুষের সঙ্গে। ড্যারেন স্যামি, রামনরেশ সারওয়ান, ক্রিস গেইল, কেমার রোচ, অ্যান্দ্রে রাসেলদের কাছে পেয়ে ওই মানুষগুলো পেয়েছে মানসিক সমর্থন। এইচআইভি আক্রান্ত মানুষের সমর্থনে জাতিসংঘের এইডস, ইউনিসেফ এবং আইসিসি যৌথ উদ্যোগে হাতে নিয়েছে ‘থিঙ্ক ওয়াইজ ক্যাম্পেইন’। এই প্রচারণার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন সারওয়ান। পাঞ্জাবের এই প্রচারণায় গিয়ে তাঁর উপলব্ধি, ‘আমরা আসলে কাউকেই আলাদা করতে পারছিলাম না। যখন আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম, প্রত্যেকেই ছিল হাসিখুশি।’ ওয়েবসাইট।